এশিয়ান টিভিতে ‘বৈশাখের রঙ্গরস’
পহেলা বৈশাখ উপলক্ষে বেসরকারি টিভি চ্যানেল এশিয়ান টিভি নির্মাণ করেছে বিশেষ হাস্যরসাত্মক অনুষ্ঠান ‘বৈশাখের রঙ্গরস’।
মনজুরুল হক মনজুর প্রযোজনায় এ অনুষ্ঠানে আড্ডা দিয়েছেন অভিনেতা ফারুক আহমেদ ও তারিক স্বপন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ইকবাল খন্দকার।
এশিয়ান টিভির নিজস্ব স্টুডিওতে ধারণকৃত এই অনুষ্ঠানে উঠে এসেছে পহেলা বৈশাখকেন্দ্রিক বিভিন্ন অসঙ্গতি আর হাস্যরস।
উপস্থাপক ইকবাল খন্দকার জানান, এটি দর্শককে বিনোদিত করার পাশাপাশি আমাদের নিজস্ব সংস্কৃতির কথা মনে করিয়ে দেবে।
তিনি বলেন, “নববর্ষকে কেন্দ্র করে একদিনের বাঙালি সাজার প্রবণতা আমাদের অনেকের মধ্যেই দেখা যায়। আমরা এই প্রবণতার নেতিবাচক দিকগুলো হাসির ছলে তুলে ধরার চেষ্টা করছি। আশা করছি, দর্শক আনন্দ পাবেন।”
অনুষ্ঠানটি সোমবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রচার হবে।
