ওয়েব সিরিজে ন্যানসি
একক গান ও চলচ্চিত্রের পাশাপাশি এবার ওয়েব সিরিজের জন্য গাইলেন কণ্ঠশিল্পী ন্যানসি।
গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় ওয়েব সিরিজ ‘নীল দরজা’য় গান করলেন ন্যানসি। আসিফ ইকবালের কথায় ‘চেনা অচেনা’ শিরোনামের এই গানের সঙ্গীতায়োজন করেছেন পশ্চিমবঙ্গের অমিত ও ইষাণ।
বৃহস্পতিবার রাতে সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান গানচিলের ইউটিউব চ্যানেলে এর ভিডিওটি প্রকাশিত হয়।
আলফা আই মিডিয়া প্রোডাকশন লিমিটেডের ব্যানানের নির্মিত ৬ পর্বের এই বায়োস্কোপ অরিজিনালস ওয়েব সিরিজটিতে গান করা প্রসঙ্গে ন্যানসি বলেন, “এখন অনলাইনের যুগ। বিশ্বের নামী দামি তারকারা সবাই এখন ওয়েব সিরিজে কাজ করছেন।
“‘নীল দরজা’ ওয়েব সিরিজে কাজ করে বেশ ভালো লাগছে। আশা করছি, গানটিও সবার ভালো লাগবে।”
‘নীল দরজা’য় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, বিদ্যা সিনহা মিম, ইন্তেখাব দিনার, শাহেদ আলী প্রমুখ।
