বাংলাদেশের ‘রকস্টার’ চরিত্রে পরমব্রত
শুরু হয়েছে শবনম ফেরদৌসীর পরিচালনায় পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র ‘আজব কারখানা’র চিত্রধারণ। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।
চলচ্চিত্রটিতে তাকে দেখা যাবে বাংলাদেশের একজন রকস্টারের চরিত্রে। চলচ্চিত্রটিতে তিনি ছাড়াও কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করছেন মডেল সাদিয়া শাবনাজ ইমি ও দোয়েল। গত ১৫ মার্চ থেকে ময়মনসিংহের কেন্দুয়া, কুষ্টিয়া ও ঢাকার বিভিন্ন লোকেশনে এর শুটিং চলছে।
বাংলার লোকগানের সংস্পর্শে এস কী পরিবর্তন ঘটে খ্যাতনামা একজন রকস্টারের-সেই গল্প নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘আজব কারখানা’।
চলচ্চিত্রটি প্রসঙ্গে নির্মাতা শবনম ফেরদৌসী বলেন, “আসলে আমি আমার দেখার বাইরে, অভিজ্ঞতার বাইরে কিছু বলি না। ‘আজব কারখানা’ আমার অভিজ্ঞতা, সে অভিজ্ঞতা থেকে আমি সব সময় একটা ব্যাপার অন্বেষণ করেছি, সেটা হলো- কে আসলে শিল্পী? প্রকৃত শিল্পের কথা আমরা বলি, সেটা আসলে কোনটা? সে অন্বেষণের গল্পই ‘আজব কারখানা’।”
২০১৬-২০১৭ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রটির প্রযোজক সামিয়া জামান।
তিনি বলেন, “আজব কারখানা ছবিটি আমার এ পর্যন্ত কাজগুলোর মধ্যে সবচাইতে চ্যালেঞ্জিং সন্দেহ নেই। এর আগে ছবি বানাতে গিয়ে বড় প্রতিষ্ঠানকে পাশে পেয়েছি- সেটা তো এক ধরনের একটা স্বস্তি অবশ্যই দেয়। অবশ্য বাস্তবে, ইন্ডিপেনডেন্ট নির্মাতা হিসেবে মূলত প্রযোজনার সব ধরনের কাজগুলো যেহেতু নিজেই করেছি, তাই সাহস ও অভিজ্ঞতা ছিলই।
“বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে ঢাকার বিভিন্ন লোকেশনে, সেটে- শুটিং প্রস্তুতি, ঝক্কি এবং সর্বোপরি টাকার ব্যবস্থা করতে হচ্ছে। তবে এখনো পর্যন্ত যে কাজ হয়েছে, তাতে একটি শত্তিশালী ছবি হতে চলেছে বলে আস্থা হচ্ছে, এবং সেটিই চালিকাশক্তি!”
তিনি আরও বলেন, “পরমব্রত বাংলাদেশের দর্শকদের কাছে পরিচিত। বাংলাদেশের প্রতি তার টানও প্রবল। একটি সম্পূর্ণ নতুন ধরনের চরিত্রে পরমের কাজে আবেগ ও প্রফেশনালিজমের যথোপযুক্ত মিশেল আমাকে মুগ্ধ করেছে। আমাদের বাছাই স্বার্থক।”
দেশের প্রত্যন্ত অঞ্চলের লোকসংগীত শিল্পীরাও এই চলচ্চিত্রে তাদের মতো করেই উপস্থিত থাকছেন বলে নির্মাতা শবনম ফেরদৌসী জানিয়েছেন।
