২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নওয়াজউদ্দিনকে নিয়ে ফারুকীর নতুন ছবি ‘নো ল্যান্ডস ম্যান’

‘শনিবার বিকেল’ থমকে আছে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায়; এরই মধ্যে নতুন চলচ্চিত্র ‘নো ল্যান্ডস ম্যান’র ঘোষণা দিলেন মোস্তফা সরয়ার ফারুকী।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2019, 11:07 PM

Updated : 25 Jul 2022, 08:13 PM

এই প্রথম ইংরেজি ভাষায় চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন ফারুকী; আর এতে অভিনয় করতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী।

এদিকে ‘শনিবার বিকেল’ চলচ্চিত্রটির বৃহস্পতিবার বিশেষ প্রদর্শনীর পরও ছাড়পত্র দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি সেন্সর বোর্ড।

এই জটিলতা না কাটার মধ্যে পৃথিবীতে চলমান অভিবাসন ও পরিচয় সঙ্কটের গল্পের চলচ্চিত্রায়নে হাত দিতে যাচ্ছেন ফারুকী।

এর মধ্য দিয়ে নওয়াজউদ্দিন সিদ্দিকীর ইংরেজি ভাষার চলচ্চিত্রে নাম লেখাচ্ছেন। এটি প্রযোজনাও করতে যাচ্ছে তার প্রতিষ্ঠান ‘ম্যাজিক ইফ ফিল্মস’।

এ চলচ্চিত্রে যুক্ত হওয়ার প্রসঙ্গে নওয়াজউদ্দিন সিদ্দিকী বলেন, “চিত্রনাট্যটা আমি প্রথম যখন পড়ি তখন থেকে এটি আমার সাথে রয়ে গেছে। জোরালো রসবোধ, ব্যাঙ্গ-বিদ্রুপ এবং আবেগের মধ্য দিয়ে আজকের যুগের এক অদ্ভুত পৃথিবীকে আবিষ্কার করে এই চিত্রনাট্য। কিছু সিনেমা আছে যেগুলো আপনার অবশ্যই বানানো উচিত।

“একজন অভিনেতার সামর্থ্যের বাইরেও এই প্রজেক্টের সাথে যুক্ত হওয়ার জন্য আমি নিজের ভিতর একটা তাগিদ অনুভব করছিলাম, কারণ আমার মনে হয়েছে এটা এমন একটা সিনেমা অবশ্যই যেটা তৈরি হওয়া দরকার।”

নির্মাতা ফারুকী জানান, চলচ্চিত্রটির ৭০ ভাগ শুটিং হবে নিউ ইয়র্কে এবং বাকি ৩০ ভাগ শুটিং হবে ভারত, বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ায়।

চলতি বছরের শেষের দিকে ছবিটির শুটিং শুরু করার ভাবনা রয়েছে ফারুকীর।

নওয়াজউদ্দিন সিদ্দিকী ছাড়াও ছবিটি প্রযোজনা করছেন বাংলাদেশের স্কয়ার গ্রুপের অঞ্জন চৌধুরী, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও মোস্তফা সরয়ার ফারুকী স্বয়ং। এই চলচ্চিত্রের মাধ্যমে ফারুকীর স্ত্রী তিশার প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ ঘটবে।

নওয়াজের আগে বলিউডের ইরফান খানকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেছিলেন ফারুকী।

নো ল্যান্ডস ম্যানে একজনের আমেরিকান অভিনেত্রীও অভিনয় করবেন, যার নাম খুব শিগগিরই জানাবেন ফারুকী। আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের একজন অভিনেতা, তবে তিনি কে, তা এখনও চূড়ান্ত হয়নি।

এই চলচ্চিত্রে সংলাপগুলো হবে মূলত ইংরেজি ভাষায় এবং এর পাশাপাশি কিছু সংলাপ হবে উর্দু, হিন্দি ও বাংলা ভাষাতে।

‘নো ল্যান্ডস ম্যান’ চলচ্চিত্রটি ২০১৪ সালে  প্রথম বুসান ফিল্ম ফেস্টিভালে এশিয়ান প্রজেক্ট মার্কেটে নির্বাচিত হয়। এরপর একই বছর নভেম্বরে ভারতের এনএফডিসি আয়োজিত ফিল্ম বাজারে শ্রেষ্ঠ প্রজেক্টের পুরস্কার লাভ করে। একই বছরের ডিসেম্বরে মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন অফ আমেরিকা এবং এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ড-এর যৌথ উদ্যোগে দেয়া অ্যাপসা ফিল্ম ফান্ড লাভ করে। প্রতিবছর  এশিয়ার দুটি চলচ্চিত্রকে এই ফিল্ম ফান্ডের জন্য নির্বাচিত করা হয়। ২০১৪ সালে এটি পেয়েছিলেন বাংলাদেশের ফারুকী এবং ইরানের জাফর পানাহি।