শুরু হচ্ছে সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব
নাট্যব্যক্তিত্ব সৈয়দ বদরুদ্দীন হোসাইনের ৯৬তম জন্মবার্ষিকী উপলক্ষে পদাতিক নাট্যদল আয়োজন করেছে সপ্তাহব্যাপী নাট্যোৎসব ও স্মারক সম্মাননা প্রদান অনুষ্ঠান।
নাট্য-সংগঠন পদাতিকের উদ্যোগে দশমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে সপ্তাহব্যাপী ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব’ ও স্মারক সম্মাননা প্রদান অনুষ্ঠান। প্রতি বছরের মতো নাট্যসংগঠনটি এবারের আসরও সাজিয়েছে দেশের স্বনামধন্য বিভিন্ন নাট্যদলের দর্শকনন্দিত প্রযোজনা এবং ভারতের সাড়া জাগানো বেশকিছু নাটক নিয়ে।
দলটি জানায়, এবারের আসরে ভারতের ৪টি ও স্বাগতিক দলসহ দেশের আলোচিত ১৬টি নাটক নিয়ে অনুষ্ঠিত হচ্ছে বর্ণাঢ্য এ আয়োজন। ৪ এপ্রিল বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে সপ্তাহব্যাপী জমকালো এ নাট্যোৎসব।
‘আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর’-শ্লোগানে আয়োজিত এই উৎসব সম্মিলিতভাবে উদ্বোধন করবেন নাট্যজন রামেন্দু মজুমদার, ম. হামিদ, মামুনুর রশিদ এবং পদাতিকের বর্তমান সভাপতি সৈয়দ তাসনীন হোসাইন।
এবার স্মারক সম্মাননা পেতে যাচ্ছেন নাট্যব্যক্তিত্ব লিয়াকত আলী লাকী এবং গোলাম সারোয়ার। ৪ এপ্রিল সন্ধ্যায় উদ্বোধনী মঞ্চে আনুষ্ঠানিকভাবে তাদের এই সম্মাননা প্রদান করা হবে। আনুষ্ঠানিকতা শেষে মূল হলে প্রদর্শিত হবে ভারতের নাট্যদল বীজপুর চতুর্থসূত্রের নাটক ‘ডাকাত হীরু’।
পাশাপাশি এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রদর্শিত হবে নাগরিক নাট্য সম্প্রদায়ের সাড়া জাগানো নাটক ‘গ্যালিলিও’ এবং স্টুডিও থিয়েটার হলে নাট্যচক্রের নতুন নাটক ‘একা এক নারী’ প্রদর্শিত হবে। এছাড়া ধারাবাহিকভাবে মূল হলে প্রদর্শনীতে থাকবে ভারতের দল লিমিশকা দুনিয়া’র-পুরগাতোরিও, প্রাচ্যনাটের ‘কিনু কাহারের থেটার’, স্টেইজ ওয়ানের ‘সূচনা’, থিয়েটার এর ‘মেরাজ ফকিরের মা’ এবং বটতলার ‘খনা’।
এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চায়নে থাকবে ভারতের নাট্যদল কশবা অর্থের নাটক ‘যোনী’, ওপেন স্পেসের থিয়েটারের টুয়াল্ভ এঙ্গরিম্যান’, বুনন থিয়েটারের ‘সিক্রেট অফ হিস্ট্রি’, স্বাগতিক দল পদাতিক নাট্যের সংসদের ‘বেদের মেয়ে’, নাট্যম রেপাটরীর ‘দমের মাদার’ এবং দৃষ্টিপাত নাট্য সংসদের আলোচিত নাটক ‘নাগর আলীর কিচ্ছা’।
একইভাবে স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়িত হবে ভারতের দল আমতা পরিচয়ের ‘এলা দিদি’,ধ্রুপদী এ্যাকটিং স্পেস-এর ‘নভেরা’, সিলেটের নাট্যদল থিয়েটার বাংলা’র ‘বেহুলা সুন্দরী’, মানিকগঞ্জের দল নিরাভরণ থিয়েটারের ‘জুইমালা সইমালা’, শূন্যন রেপার্টরীর ‘লাল জমিন’ এবং বাতিঘরের ‘রেড ক্লিফ লাইন’।
১১ এপ্রিল সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার হলে স্মারক ও সম্মাননা পদকপ্রাপ্ত নাট্য ব্যক্তিত্বদের কথামালায় ‘পদকপ্রাপ্তদের চিন্তায় শিক্ষাবিদ, নাট্যজন, প্রবন্ধকার ও কলামিস্ট সৈয়দ বদরুদ্দীন হোসাইন’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন নাট্যকার ও প্রাবন্ধিক অপূর্ব কুমার কুন্ডু।
প্রতিদিন নাট্য মঞ্চায়নের আগে বিকাল ৫টা থেকে জাতীয় নাট্যশালার মূল হলের সম্মুখে নির্মিত অস্থায়ী মঞ্চে বিভিন্ন নাট্যদল এবং সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে পরিবেশিত হবে আবৃত্তি, পথ-নাটক, মাইম, নৃত্য, গীতসহ নানান সাংস্কৃতিক আয়োজন।
দেশের একজন প্রগতিশীল মানুষ ছিলেন ভাষাসংগ্রামী, শিক্ষাবিদ, কলামিস্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্টার সৈয়দ বদরুদ্দীন হোসাইন। ভাষা আন্দোলনে বৃহত্তর ময়মনসিংহে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহবায়ক হয়ে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। যেজন্য কারাবরণও করতে হয়েছিল তাকে।
পরবর্তীতে দেশের প্রথম সারির নাট্যদল পদাতিক নাট্য সংসদের সভাপতি হয়ে তিন দশকের বেশি সময় ধরে দিক নির্দেশনা দিয়েছিলেন সৈয়দ বদরুদ্দীন হোসাইন। ২০১০ সাল থেকে প্রতিবছর এপ্রিল মাসে পদাতিক আয়োজন করে ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যেৎসব ও স্মারক সম্মাননা’ প্রদান অনুষ্ঠান।
