মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘শনিবার বিকেল’
৪১তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা করবে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘শনিবার বিকেল’।
অবশেষে দর্শকের সামনে হাজির হচ্ছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘শনিবার বিকেল’। জাজ মাল্টিমিডিয়া, ছবিয়াল এবং ট্যানডেম প্রোডাকশন প্রযোজিত ‘শনিবার বিকেল’ চলচ্চিত্রটি ৪১তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে। এমন তথ্য নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই।
মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলবে এপ্রিলের ১৮ তারিখ থেকে ২৫ তারিখ পর্যন্ত। এবারের উৎসবে জুরি প্রধান হয়েছেন কোরিয়ান মাস্টার ফিল্মমেকার কিম কি দুক, অন্যান্য জুরি সদস্য এবং নির্বাচিত অন্যান্য চলচ্চিত্রগুলোর নাম মঙ্গলবার মস্কোতে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফেস্টিভাল কর্তৃপক্ষ ঘোষণা করছে।
একই দিনে চলচ্চিত্রটির ফার্স্টলুক পোষ্টারও প্রকাশিত হলো।
এর প্রতিক্রিয়ায় ফারুকী বলেন, “আমি কখনো ডায়েরি লিখিনা। কেননা আমি ফিল্ম বানাই। আমি চাই আমার ফিল্মে সবসময় আমি যে সময় ও স্থানে বাস করি তার রূপটাও প্রকাশিত হোক। সে প্রেক্ষিতে শনিবার বিকেল আমার খুব প্রিয় চলচ্চিত্র। অবশেষে চলচ্চিত্রটি দর্শকের সামনে হাজির হতে যাচ্ছে। মস্কো ফিল্ম ফেস্টিভালের প্রতিযোগিতা বিভাগে এটি নির্বাচিত হয়েছে। আরও কিছু উৎসবের খবর দিতে পারবো শিগগিরই।”
নির্মাতা জানান, ‘শনিবার বিকেল’ একটি সিঙ্গেল শট সিনেমা। এর কারিগরি বিভাগে কাজ করেছেন চিত্রগ্রাহক আজিজ জাম্বাকিয়েভের নেতৃত্বে রাশিয়া থেকে আগত একটি সুদক্ষ দল।
চলচ্চিত্রটিতে কাজ করেছেন বিভিন্ন দেশের শিল্পী ও কলাকুশলীরা। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশ থেকে জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশিদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, গাউসুল আলম শাওন নাদের চৌধুরী, ভারতের পরমব্রত চট্টোপাধ্যায়, প্যালেস্টাইনের ইয়াদ হুরানি এবং আরো অনেকে।
চলচ্চিত্রটির চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন কাজাকিস্তানের চিত্রগ্রাহক আজিজ জাম্বাকিয়েভ। যিনি ২০১৩ সালে ‘হারমনি লেসন’ সিনেমাটির জন্য বার্লিন চলচ্চিত্র উৎসবে সেরা চিত্রগ্রাহকের পুরস্কার সিলভার বিয়ার জিতেছিলেন।
এদিকে, দেশের বাইরে উৎসবে গেলেও নিজ দেশেই সেন্সরবোর্ডের চৌকাঠ পেরুতে পারেনি চলচ্চিত্রটি। ‘দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে’-এমন অভিযোগে চলচ্চিত্রটিকে সেন্সর সার্টিফিকেট প্রদান স্থগিত করেছে কর্তৃপক্ষ। তবে, সর্বশেষ খবর অনুযায়ি, আগামী ৪ এপ্রিল চলচ্চিত্রটি পুনরায় দেখবেন সেন্সরবোর্ড কর্তৃপক্ষ।
