২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন আয়োজনে টিনার কণ্ঠে তরুণের ‌‘স্বার্থপর’

সংগীতশিল্পী তরুণের জনপ্রিয় গান ‘চলে যদি যাবি দূরে স্বার্থপর’ এলো নতুন কণ্ঠে। হালের কণ্ঠশিল্পী টিনা মোস্তারীর কণ্ঠে নব্বই দশকের এ গানটি প্রকাশিত হলো অন্তর্জালে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2019, 07:58 PM

Updated : 18 Aug 2022, 05:04 PM

গানটির গীতিকার ও সুরকার তরুণ মুন্সী জানালেন, জনপ্রিয় এ গানটির বয়স ৩০ বছর। ১৯৯২ সালে গানটি লেখা হলেও এটির রেকর্ড হয় ১৯৯৮ সালে, প্রকাশিত হয় তারও একবছর পর।

টিনার কণ্ঠে নতুন করে গানটি শ্রোতাদের সামনে উপস্থিত হওয়ায় আনন্দিত তিনি। বললেন, “টিনা অনেক আগে আমাকে বলেছিলেন গানটি কাভার করতে চান। এরপর আমি নিজেও এটি নিয়ে তার সঙ্গে কথা বলেছি। খুবই সুন্দর হয়েছে কাজটি। আসলে নিজের একটি সৃষ্টি শিল্পীদের গলায় ঘুরে ফিরে আসছে, এই বিষয়টিকে আমার কাছে পরম ভালোলাগার।”

 

গানটি নতুন করে কণ্ঠে তুলে নেয়া প্রসঙ্গে টিনা বললেন, ‘‘আমার প্রিয় কিছু গান আছে। যেগুলো মাঝেমধ্যে গুনগুন করে গাই। এমন কিছু গানের একটা তালিকা করেছিলাম। সেখান থেকেই ‘স্বার্থপর’ গানটির কাভার রিলিজ দেওয়া। চাইছি, নিয়মিতই আমার চ্যানেলে এগুলো মুক্তি দেবো। যেন শ্রোতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ থাকে। আবার এগুলো আমার গায়কির বাইরে আলাদা একটা টেস্ট দেয়। নিজের কাছেও এটি একধরনের চ্যালেঞ্জ যে, আমি গানগুলো সুন্দর করে তুলে ধরতে পারছি কিনা। পাশাপাশি থাকবে আমার মৌলিক গান।’’

গানটির ভিডিও নির্মাণ করেছে ‘জুটি’ প্রডাকশন। টিনা আরও বলেন, ‘এখন পর্যন্ত তিনটি কাভার রেডি আছে। আমরা চাইছি, প্রতিমাসেই একটি করে গান রিলিজ দেওয়ার। এগুলোর খুব সাধারণ কিন্তু হৃদয়গ্রাহী হবে। সেভাবেই প্রথমটির (স্বার্থপর) ভিডিও করা। এছাড়াও বছরে ২/৩টি মৌলিক গান আমি প্রকাশ করব।’

সর্বশেষ ভালোবাসা দিবস উপলক্ষে গত ১৩ ফেব্রুয়ারি অবমুক্ত হয় টিনার দ্বৈতগান ‘শেষ দিন’। এতে তার সহশিল্পী ছিলেন তাহসান।