২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফের মঞ্চে ‘হ্যামলেট’

শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘হ্যামলেট’ নাটকের ১৩তম মঞ্চায়ন।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2019, 10:39 PM

Updated : 10 Oct 2022, 09:01 PM

শনিবার সন্ধ্যা ৭টায় হবে এর মঞ্চায়ন। উইলিয়াম শেক্সপিয়ারের এই নাটকটি অনুবাদ করেছেন সৈয়দ শামসুল হক। নির্দেশনা দিয়েছেন আতাউর রহমান।

তিনি বলেন, হ্যামলেট নাটকের গত কয়েকটি প্রদর্শনীই ছিলো দর্শক সমাগমে ভরপুর। তাই এবার আগ্রহী দর্শকদের জন্য অনলাইনে টিকেট বুকিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। একাডেমির ফেইসবুক পেইজ থেকেই নাটকের টিকেট পাওয়া যাবে।

হ্যামলেট’ রচিত হয় ১৫৯৯ ও ১৬০২ খ্রিস্টাব্দের মাঝামাঝিতে।

নাটকটি প্রসঙ্গে নির্দেশকের বক্তব্যে আতাউর রহমান বলেন, “এই নাটকে ব্যক্তি মানুষের অন্তর্গত ও নিত্যকার সংঘাতময় জীবনের আশা-হতাশার দোদুল্যমানতা অনুকরণীয় পারঙ্গময়তায় চিত্রিত হয়েছে। শেক্সপিয়ারের অনন্য লেখনীতে মানুষের সমষ্টিগত জীবনের ইতি ও নেতির দ্বন্দ্বও বিবৃত হয়েছে নাটকে।”

নাটকটির অনুবাদ প্রসঙ্গে প্রয়াত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হককে স্মরণ করে তিনি আরও বলেন, “কবি, লেখক ও নাট্যকার সৈয়দ শামসুল হক তার অন্তিম শয্যায় অনন্য কুশলতায় শেক্সপিয়ারের ‘হ্যামলেট’ নাটকটির মুক্ত অনুবাদ করেন। তার প্রয়াস ছিল, শেক্সপিয়ারের ‘হ্যামলেট’ যেন হয়ে উঠে বাঙালির ‘হ্যামলেট’ তথা বাংলাদেশের ‘হ্যামলেট’।

“তিনি নাট্যকাহিনীর কোনোরূপ পরিবর্তন না ঘটিয়ে গ্রথিত করেছেন মহান বাঙালি কবিদের কাব্যাংশ ও সঙ্গীত। পাশাপাশি এসেছে আমাদের নিজস্ব লোকজ পালাগানেরও নানা আঙ্গিক। নৃত্যেও সচেতনভাবে ব্যবহার করেছেন বাঙালির নিজস্ব নৃত্য-আঙ্গিক ও ভাবনা।”

উইলিয়াম শেক্সপিয়রের ৪৫২তম জন্মবার্ষিকী এবং ৪০০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ২০১৭ সালের ১৬ এপ্রিল প্রথম মঞ্চে আনে ‘হ্যামলেট’। এ নাটকের কুশীলবরা বিভিন্ন নাট্যদলের সদস্য।