হুমায়ূনপুত্র নুহাশের পরিচালনায় এলো ‘খোকা’
নন্দিত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের ছেলে নুহাশ হুমায়ূনের পরিচালনায় এসেছে ‘খোকা’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও।
নতুন প্রজন্মের সংগীত পরিচালক প্রীতম হাসানের সুরে এই গানে কণ্ঠ দিয়েছেন মামুনিয়া খ্যাত সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ।
মিউজিক ভিডিওটি বৃহস্পতিবার অনলাইনে উন্মুক্ত হয়েছে।
ভিডিওতে ফেরদৌস ওয়াহিদ ও প্রীতমের সঙ্গে মডেল হয়েছেন সাফা কবির। এছাড়াও একটি বিশেষ দৃশ্যে অভিনয় করেছেন ড. এজাজ, যিনি হুমায়ূন আহমেদের নাটকের মধ্য দিয়ে হয়ে উঠেছিলেন পরিচিত মুখ।
গানটির পরিকল্পনা নুহাশ হুমায়ূনের। ভিডিও নির্মাণ করেছেন নুহাশ হুমায়ূন। প্রীতম হাসানের সঙ্গে ভাগাভাগি করে গানের কথা লিখেছেনও তিনি। গানটিতে ফেরদৌস ওয়াহিদের সঙ্গে কণ্ঠও দিয়েছেন প্রীতম।
“কাজটির জন্য অনেক পরিশ্রম করেছি। এটা আমার অন্যতম প্রিয় একটি কাজ। ভিডিওটি হরর ধরনের। মজা আছে, মাস্তি আছে। আশা করি, সবার ভালো লাগবে।”
নতুন গান প্রসঙ্গে ফেরদৌস ওয়াহিদ বলেন, “এই সময়ের অন্যতম মেধাবী মিউজিশিয়ান প্রীতম। তার কাজ ও আইডিয়া দেখে আমি মুগ্ধ। আমার বিশ্বাস গানের পাশাপাশি ভিডিওটি সবাই পছন্দ করবেন।”
টেকনো মোবাইলের পৃষ্ঠপোষকতায় গানচিল মিউজিকের ব্যানারে গানটি প্রকাশিত হয়েছে তাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে।
