২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আট দশক পর ‘ডাম্বো’ আসছে নতুন রূপে

আগামী ২৯মার্চ সারাবিশ্বের সঙ্গে একযোগে বাংলাদেশে মুক্তি পেতে শিশুতোষ চলচ্চিত্র ‘ডাম্বো’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2019, 08:20 PM

Updated : 18 Aug 2022, 05:02 PM

আটদশক পর নতুন করে নির্মিত হলো বিশ্বচলচ্চিত্রের জনপ্রিয় শিশুতোষ ছবি ‘ডাম্বো’। ডিজনির চতুর্থ অ্যানিমেটেড ফিচার ফিল্ম হিসেবে ১৯৪১ সালের অক্টোবরে মুক্তি পায় চলচ্চিত্রটি।  সেই ডাম্বোকেই আবার নতুন করে ফিরিয়ে আনলেন ব্যাটম্যান রিটার্নস, প্ল্যানেট অব দ্য এপস বা অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডখ্যাত পরিচালক টিম বার্টন।

ছোট্ট একটা হাতির ছানা। নাম তার ডাম্বো। কিন্তু ডাম্বো মানে যে বোকা! আসলে ডাম্বোর কান দুটো বিরাট বড়। আর সেই কান নিয়েই হাসাহাসি করে সবাই। মাকে হারিয়ে ডাম্বো চলে এসেছে সার্কাসে। কিন্তু সেই সার্কাসেই একদিন আবিস্কার হলো ডাম্বোর অদ্ভুত ক্ষমতা। ডাম্বো উড়তে পারে। তার বিরাট দুটো কান ডানার কাজ করে। ডাম্বোর উড়তে পারার কথা ছড়িয়ে যায় দিকবিদিকে। সে এখন সার্কাসের এক স্টার। ডাম্বোর এই খ্যাতির কথা জানতে পারে বিখ্যাত ব্যবসায়ী ভ্যানডিভিয়ার। ডাম্বোকে সে নিয়ে যায় তার বিশাল বিনোদনের ব্যবসা ড্রিমল্যান্ডের জন্য।

সার্কাসের স্টার থেকে ড্রিমল্যান্ডের সুপারস্টার হতে দেরি হয় না ডাম্বোর। কিন্তু সে যে তার মায়ের কাছে ফিরে যেতে চায়! এরই মধ্যে জানা যায় ড্রিমল্যান্ড মোটেও স্বপ্নের জায়গায় নয়। বরং সেখানেও লুকিয়ে আছে অন্ধকার অনেক রহস্য। তবে কি ডাম্বো ফিরে যেতে পারবে তার মায়ের কাছে? নাকি ড্রিমল্যান্ডেই বিপদে পড়বে সে?

জানতে হলে অপেক্ষা করতে হবে মুক্তির দিন পর্যন্ত। এরই মধ্যে ট্রেলারেই দর্শকদের আগ্রহী করে তুলেছে নতুন ডাম্বো।  বড় পর্দায় আসার পর এ উচ্ছ্বাসের মাত্রা কয়েকগুণ বেড়ে যাবে বলে আশাবাদ সংশ্লিষ্টদের।

চলচ্চিত্রটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কলিন ফেরেল, ইভা গ্রীন, মাইকেল কিটনের মত তারকারা।