২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুকে নিয়ে গাইবেন একশ' ভাষার শিল্পী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তার জন্ম শতবার্ষিকীতে একশটি ভাষায় গান করার উদ্যোগ নেয়া হলো।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2019, 05:40 PM

Updated : 08 Apr 2022, 03:57 PM

উদ্যোক্তা সংগীতশিল্পী তৌহিদ ইথুন জানান, ২০২০ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে একযোগে একশ’ ভাষায় এই গানের মুক্তি দেয়া হবে। বাংলা ভাষার পাশাপাশি সার্কভূক্ত প্রত্যেক দেশের একজন করে শিল্পীসহ ভারতীয় হিন্দি, ইংরেজি, ফ্রেঞ্চ, স্প্যানিশ, অ্যারাবিক, মান্দারিন, জাপানিজ, মালয়, পর্তুগীজ, কোরিয়ান, উর্দু, ভিয়েতনামিজ, থাই, পোলিশ, রাশিয়ানসহ এক শ’ ভাষায় একশ’ জন শিল্পী এই গানে কন্ঠ দিবেন।

‘বঙ্গবন্ধু তুমি-ই বাংলাদেশ’ শিরোনামে এই গানের প্রথম অন্তরা হলো- ‘তুমি নিপিড়ীত মানুষের জেগে ওঠার কবিতা, তুমি বিশ্বের বুকে বাংলা মায়ের ছবিটা, তুমি মিছিলে প্রতিবাদে উত্তাল স্লোগান, তুমি সংগ্রামী ইতিহাস, শোষণ মুক্তির গান, তুমি বঙ্গবন্ধু, তুমি-ই বাংলাদেশ, বঙ্গবন্ধু তুমি লাল-সবুজের একটি দেশ।’

শিল্পী তৌহিদ ইথুনের নিজের লেখা এই গানে সুর দিয়েছেন তরুণ ও উদীয়মান সুরকার যাদু রিছিল।

পেশায় একজন পুলিশ কর্মকর্তা তৌহিদ ইথুন। বর্তমানে তিনি ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত। বিশ্ববিদ্যালয় পড়াশুনা করা অবস্থাতেই শখের বসে গান করতেন। সর্বশেষ ‘একুশের চেতনা’ শীর্ষক তার একটি গান চলতি বছরের ২১ ফেব্রুয়ারি রিলিজ হয়েছিল।

বঙ্গবন্ধুকে নিয়ে এমন গানের উদ্যোগ প্রসঙ্গে ইথুন বলেন, “বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এটি আলাদা কোনও শব্দ নয়। বঙ্গবন্ধুর মাঝেই বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধের চেতনা বিলীন। ৫২’র ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ এবং একটি জাতির উন্মেষ, এটি সম্ভব হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণেই। তার শততম জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধা এবং সম্মান জানানোর জন্য এবং বিশ্বব্যাপী এই মহান নেতাকে তুলে ধরতেই আমাদের এই উদ্যোগ। আমরা সবার সহযোগীতা এবং পরামর্শ নিয়েই কাজটি এগিয়ে নিতে চাই।”

ইতিমধ্যেই বেশ কয়েকটি ভাষায় গানটির নির্মাণ কাজও শুরু হয়েছে বলে জানান ইথুন। এটি প্রকাশিত হবে টি মিউজিকের ব্যানারে।