‘লায়লা’ হয়ে ফিরছেন আঁখি আলমগীর
নাচে-গানে দীর্ঘদিন পর নিজের নতুন একক নিয়ে হাজির হতে যাচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর।
দীর্ঘদিন পর নতুন গান নিয়ে হাজির হতে যাচ্ছেন সংগীতশিল্পী আঁখি আলমগীর। ‘লায়লা’ শিরোনামের গানটির কথা লিখেছেন প্রসেনজিত মুখার্জী। গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন অম্লান চক্রবর্তী। দীর্ঘ বিরতি ভাঙা গানটি আঁখি শ্রোতা-দর্শকদের সামনে আনছেন বর্ণাঢ্য আয়োজনে।
গানটি নিয়ে উচ্ছ্বসিত আঁখি। বললেন, “অনেকদিন পর আমি আমার নিজের একক গান ছাড়ছি। দীর্ঘ একটা বিরতি দিয়েছি বলেই অনেক প্ল্যান আর আয়োজন করে এই ভিডিওটি তৈরি করেছি। তবে আমার অন্য গানগুলো থেকে ‘লায়লা’ গানে আমার আবেদনটা একটু ভিন্নই। সম্পূর্ণ নতুন রূপে আমি হাজির হচ্ছি শ্রোতা-দর্শকদের সামনে। তাই এই গান ও ভিডিও দুটিই শ্রোতাদের কাছে দারুণ সাড়া ফেলবে বলে আমার বিশ্বাস। গানের সঙ্গে নাচ একটা বাড়তি পাওয়া। আমি সেটাই করেছি।”
গানটির প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন জানায়, আগামী ১৪ মার্চ তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে ‘ল্যায়লা’। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।
