মুক্তির গানে শুরু জয় বাংলা কনসার্ট
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ পরিবেশনার মধ্য দিয়ে ‘জয় বাংলা কনসার্ট’ শুরু হয়েছে।
গবেষণা প্রতিষ্ঠান সেন্টার অব রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) অঙ্গ প্রতিষ্ঠান ‘ইয়াং বাংলা’র উদ্যোগে বৃহস্পতিবার বিকালে ঢাকার আর্মি স্টেডিয়ামে শুরু হয়েছে এই কনসার্ট।
আয়োজকরা জানিয়েছেন, নয় বছর পর এবার সাজু-সেজান-লিংকন ত্রয়ীকে একমঞ্চে দেখা যাবে এই কনসার্টে। সাজু-সেজান দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়া প্রবাসী। এই কয়েক বছর দলের অন্যান্য সদস্যদের নিয়ে লিংকনকে দেখা গেছে মঞ্চে।
আর্টসেল জানিয়েছে, এই মঞ্চ থেকে নতুন অ্যালবামের ঘোষণা দেবে তারা।
সময় বাড়ার সঙ্গে সঙ্গে দর্শকের সংখ্যা বাড়ছে। সন্ধ্যার আগেই পুরো স্টেডিয়াম দর্শকে পূর্ণ হবে বলে আয়োজকরা আশা করছেন।
স্টেডিয়ামের ভেতরটা সাজানো হয়েছে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দিয়ে। ঐতিহাসিক ৭ই মার্চের এই দিনে কনসার্টে প্রতিটি ব্যান্ড নিজেদের গান ছাড়াও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান পরিবেশন করবে বলে সিআরআই-এর কো-অর্ডিনেটর তন্ময় আহমেদ জানান।
বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে স্মরণ করে ২০১৫ সাল থেকে এই দিনে জয়বাংলা কনসার্ট আয়োজন করে আসছে ইয়াং বাংলা।
