অর্ণবের সংগীতে সুস্মিতার কণ্ঠে নজরুলের গান
শায়ান চৌধুরী অর্ণবের সংগীতায়োজনে দু’টি নজরুল সংগীত নিয়ে আসছেন সুস্মিতা আনিস।
নজরুল সংগীতের দু’টি বিখ্যাত গান ‘জাগো নারী জাগো’ এবং ‘জয় হোক, জয় হোক, শান্তির জয় হোক’ শিরোনামের দু’টি গানে কণ্ঠ দিলেন সুস্মিতা আনিস। গান দুটি বিশেষ মাত্রা পাচ্ছে জনপ্রিয় শিল্পী ও সংগীত পরিচালক শায়ান চৌধুরী অর্ণবের সংগীতায়োজনে।
সুস্মিতা আনিস জানালেন, শিগগিরই গান দু’টি প্রকাশিত হবে নিউ মিউজিক প্যারাডাইম কোম্পানির ব্যানারে।
তিনি বলেন, “ অর্ণবের সাথে গান দু’টি নিয়ে পাঁচমাসের বেশি সময় ধরে কাজ করছি। যা এখনও চলছে। গানে গানে দীর্ঘদিনের বন্ধুত্ব হলেও এটিই প্রথম অর্ণবের সাথে একসঙ্গে কাজ। আশা করছি গান দু’টো সবাইকে উদ্বেলিত করবে।”
গান দুটি প্রসঙ্গে অর্ণব বলেন, “আমি খুবই উচ্ছসিত নজরুলকে নতুন আঙ্গিকে আবিস্কার করে। এক্ষেত্রে ভবিষ্যতে আরও অবদান রাখতে চাই। সুস্মিতা আনিসের সাথে কাজ করেও আমি আনন্দিত।
সুস্মিতা আনিস জানান, নজরুল সংগীত দু’টি ছাড়াও সুরকার ও কম্পোজার জয় সরকার এবং গীতিকার শ্রীজাত বন্দোপাধ্যায়ের কথায় আরেকটি মৌলিক গানে কণ্ঠ দিতে যাচ্ছেন তিনি। এ গানটিও প্রকাশিত হবে নিউ মিউজিক প্যারাডাইম কোম্পানির ব্যানারে।
