২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধ্রুব এষের কথায় আজম খানকে নিয়ে গাইলেন সৌর

‘রকগুরু’খ্যাত আজম খানের ৬৯তম জন্মবার্ষিকীতে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে প্রকাশিত হচ্ছে শিল্পী সৌরর ট্রিবিউট সিংগেলস ‘আজম খান’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2019, 07:05 PM

Updated : 08 Apr 2022, 03:53 PM

বাংলা গানের কিংবদন্তী শিল্পী আজম খান। বিশ্বের নানা অঞ্চলের সংগীত ধারায় কাজ করে বাংলা গানকে সমৃদ্ধ করা এই শিল্পীর দেখানো পথেই হেঁটেছেন এই দেশের তরুন শিল্পীরা। তাই বাংলা গানের এই প্রথম রকস্টার ভক্ত ও অনুরাগীদের কাছ থেকে পেয়েছিলেন শ্রদ্ধা ও ভালবাসার উপাধি ‘গুরু’।

প্রজন্ম থেকে প্রজন্মে উন্মাদনা ছড়ানো এই শিল্পীর প্রতি কৃতজ্ঞতা জানাতে তার ৬৯ তম জন্মদিন উপলক্ষ্যে ২৮ ফেব্রুয়ারি বাংলা ঢোল থেকে মুক্তি পেতে যাচ্ছে আজম খানকে নিয়ে একটি বিশেষ গান ও তার ভিডিও। শিল্পী সৌরর সুরে ও কণ্ঠে নির্মিত এই গানের কথা লিখেছেন চিত্রশিল্পী ও লেখক ধ্রুব এষ।

সাউন্ড ডিজাইনিং, মিক্সিং ও মাস্টারিং এর কাজ করেছেন রেজাউল করিম লিমন।

কজমিক ডিজিটালের কারিগরি সহায়তায় গানটির ভিডিওচিত্র নির্মান করছেন নির্মাতা জহিরুল হাসান। এ প্রসঙ্গে শিল্পী সৌর বলেন, “বাংলা গানের রাজ্যে ঝড়ো হাওয়া বইয়ে দেওয়া শিল্পী গুরু আজম খান। আমরা যারা সমসাময়িক ধারায় গান গাওয়ার চেষ্টা করি তারা সবাই তার কাছে সমান ভাবে ঋণী।”

তিনি আরও বলেন, “মুক্তিযোদ্ধা আজম খান বাংলাদেশ ও বাংলা গানকে দেখিয়েছেন মুক্তির পথ। উন্মাতাল সত্তুরের দশকে বাংলাদেশের কৃষ্টি পরম্পরা ও শতভাগ বাঙালিয়ানা বজায় রেখে তিনি বাংলা গানকে করে তুলেছিলেন বৈশ্বিক। রক, পপ, রক এন্ড রোল, সার্ফ রক, ফোক রক সহ বিশ্বসংগীতের নানা ধারায় তিনি সমৃদ্ধ করেছেন বাংলা গানের ভাণ্ডার। আমরা যারা গুরুর গান শুনে বড় হয়েছি। তার গান শুনেই গাওয়া, বাজানো, সুর করা কিংবা গান লেখার সাহস পেয়েছি, তাদের সবার পক্ষ থেকেই এই শ্রদ্ধাঞ্জলি।”

‘গুরু’বন্দনার মধ্য দিয়েই মুক্তি পাচ্ছে এ শিল্পীর প্রথম গানের মিউজিক ভিডিও। ২৮ মার্চ মধ্যরাতে গানটির প্রযোজনা প্রতিষ্ঠান বাংলাঢোলের ইউটিউব চ্যানেল, ফেসবুক, আই টিউনসহ বিভিন্ন মাধ্যমে গানটি প্রকাশ করা হবে।