ইমরান-বৃষ্টির পঞ্চম ডুয়েট ‘কিছু কথা’
ফের নতুন গানে জুটি বাঁধলেন সংগীতশিল্পী ইমরান ও বৃষ্টি।
নতুন গান নিয়ে এলেন হালের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান। যৌথকণ্ঠের গানটিতে ইমরানের সঙ্গী বৃষ্টি। এ দুই শিল্পীর যৌথ প্রয়াস এর আগেও শ্রোতারা সাদরে গ্রহণ করেছেন। সে অনুপ্রেরণায় নতুন গান নিয়ে এলেন তারা। এমনটাই বললেন সংগীতশিল্পী ইমরান।
‘কিছু কথা’ শিরোনামের গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান নিজেই।
তার ভাষ্যে, “বৃষ্টির সঙ্গে আমার করা আগের চারটি গান-‘আমি নেই আমাতে’, ‘বলো সাথিয়া’, ‘আজ ভালোবাসো না’, ‘যদি হাতটা ধরো’ সবগুলোই শ্রোতারা খুব ভালোভাবে গ্রহণ করেছেন। এগুলোর ভিউ ৭০ লাখ থেকে ১ কোটির মধ্যে। এই গানটি নিয়েও আমি খুব আশাবাদী। অডিওর সঙ্গে মিল রেখে ভিডিওতে একেবারে নতুন একটা গল্প তুলে ধরা হয়েছে। আমার ভক্ত-শ্রোতাদের জন্য এটা একটা চমক বলতে পারেন।”
গানটি প্রসঙ্গে বৃষ্টি বলেন, “ইমরান ভাইয়ার সঙ্গে আমার আগের গানগুলোর সবগুলোই শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এবারের গানটিও চমৎকার, মেলোডি ধাঁচের। দু’দিন ধরে গানটির ভিডিওর শুটিং করা হয়েছে। ভিডিওতে নতুনভাবে আমাদের আবিষ্কার করতে পারবেন। এটিও সবার ভালো লাগবে আশা করি।”
২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতার ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও প্রকাশ করা হবে। এটি পরিচালনা করেছেন ভিকি জায়েদ। এতে মডেল গানটির দুই শিল্পী।
