টিএসসিতে শুরু হচ্ছে ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র(টিএসসি) মিলনায়তনে শুরু হতে যাচ্ছে ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব ১৪২৫’।
ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে আগামী রোববার থেকে টানা ছয় দিন এই উৎসব হবে।
শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক পিটার জেভিয়ার রোজারিও জানান, উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ডাক-টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের উপস্থিত থাকার কথা রয়েছে।
এছাড়া ১৩ ফ্রেব্রুয়ারি তথ্যমন্ত্রী হাছান মাহমুদের উপস্থিতিতে বিগত বছরের ‘সেরা’ বাংলা চলচ্চিত্রকে ‘হীরালাল সেন পদক’ দেওয়া হবে।
১৫ ফেব্রুয়ারি ‘চলচ্চিত্রে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা’ শীর্ষক বিশেষ সেমিনার এবং তারপর চলচ্চিত্র প্রদর্শনের মধ্য দিয়ে পর্দা নামবে এই উৎসবের।
