আলাউদ্দিন আলীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয়
সুরকার ও সংগীত পরিচালক আলাউদ্দিন আলীর চিকিৎসা সহায়তায় ২ লাখ টাকা দিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়।
মঙ্গলবার দুপুর সুরকারের স্ত্রী ফাজানা আলী মিমির হাতে চেক তুলে দেন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কল্যাণ-অনুদান খাত হতে আর্থিক অনুদান হিসেবে এ সহায়তা প্রদান করা হয়।
এর আগে রোববার দুপুরে গণভবনে আলাউদ্দীন আলীর পরিবারকে (স্ত্রী ও মেয়ে) ডেকে নিয়ে ২৫ লাখ টাকার অনুদান প্রদান করেন প্রধানমন্ত্রী।
রাজধানীর মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে টানা ১৫ দিন নিবিড পর্যবেক্ষণে রয়েছেন আলাউদ্দিন আলী।
তার শারীরিক অবস্থাকে এখনও ইতিবাচক বলতে পারছেন না চিকিৎসকরা। তার মেয়ে আলিফ আলাউদ্দিন গ্লিটজকে বলেন, “আমরা অপেক্ষা করছি। চোখ খুলছেন মাঝে মাঝে, কিন্তু ওইভাবে কারও সাথে রেসপন্স করেন না। এটাকে জ্ঞান ফেরা বলা যায় না।
“ডাক্তাররা বলছেন, কার্ডিয়াক অ্যারেস্ট হওয়াতে জ্ঞান ফিরতে সময় লাগতে পারে। সব মিলে এখনও ডিফিকাল্ট সিচুয়েশান।”
আলিফ জানান, সোমবার একবার ভেন্টিলেশন খোলার পর তার বাবার অবস্থা খারাপের দিকে যাচ্ছিল। রক্তচাপ কমে যাচ্ছিল।
“মেডিসিন দেওয়ার পর আজকে কিছুটা স্থিতিশীল আছে। তবে ভেন্টিলেশন খুললেই হার্টবিট বেড়ে যাচ্ছে। এ জন্য একেবারে খুলে দিতে পারছেন না ডাক্তাররা। উনারা রিস্ক নিচ্ছেন না।”
গত ২২ জানুয়ারি এই হাসপাতালে ভর্তি করা হয় আলাউদ্দিন আলীকে। বক্ষ্যব্যাধি বিশেষজ্ঞ ডা. দেলোয়ার হোসেন ও জাকির হোসেন সরকারের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে তার। মাঝে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টেও নেওয়া হয়েছিল।
আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সংগীত পরিচালক আলাউদ্দিন আলীর জন্ম ১৯৫২ সালের ২৪ ডিসেম্বর মুন্সীগঞ্জে। প্রায় তিন শতাধিক চলচ্চিত্রের গানে সুর দিয়েছেন তিনি।
