২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশে আসছেন অ্যাঞ্জেলিনা জোলি

হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি রোহিঙ্গা শরণার্থীদের দেখতে বাংলাদেশে আসছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2019, 01:00 AM

Updated : 18 Aug 2022, 04:48 PM

জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের বিশেষ দূত হিসেবে তিনি এই সফর করছেন।

জোলি সোমবার বাংলাদেশে আসছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

তিনি বলেছেন, এমিরেটসের একটি ফ্লাইটে সকালে ঢাকায় পৌঁছার পর অ্যাঞ্জেলিনা জোলি সরাসরি কক্সবাজারে যাবেন।

অ্যাঞ্জেলিনা জোলির এই সফর নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি ইউএনএইচসিআরের ঢাকা অফিস।

জানতে চাইলে সংস্থার ঢাকা মিশনের একজন মুখপাত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই বিষয়টি সদর দপ্তর থেকে দেখা হচ্ছে।

নিপীড়নের মুখে মিয়ানমার থেকে দুই বছর আগে পালিয়ে আসা আট লাখের বেশি রোহিঙ্গা কক্সবাজারে শরণার্থী শিবিরে রয়েছে। তাদের জন্য বিশ্ব সম্প্রদায়ের উদ্বেগ কাজ করছে।

অ্যাঞ্জেলিনা জোলি রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা সরেজমিন দেখার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গেও দেখা করবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

আমেরিকান অভিনয়শিল্পী অ্যাঞ্জেলিনা জোলি ২০১২ সাল থেকে ইউএনএইচসিআরের বিশেষ দূত হিসেবে কাজ করছেন।

একাধারে অভিনেত্রী, চলচ্চিত্র নির্মাতা অ্যাঞ্জেলিনা জোলি ‘গার্ল ইন্টারাপটেড’র জন্য অস্কার জিতলেও তাকে বাংলাদেশের মানুষ বেশি চেনে ‘লারা ক্রফট: টোম্ব রাইডার’ ও ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’র জন্য।