২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দু’দিনব্যাপী ‘বাংলা খেয়াল উৎসব’

৫ম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে উচ্চাঙ্গ সংগীত নিয়ে বিশেষ আয়োজন ‘বাংলা খেয়াল উৎসব’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2019, 08:37 PM

Updated : 08 Apr 2022, 03:46 PM

বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের আয়োজনে ৩১ জানুয়ারি থেকে শুরু হবে দু’দিনব্যাপী ‘বাংলা খেয়াল উৎসব’। এ উপলক্ষে চ্যানেল আই ভবনে ২৯ জানুয়ারি এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলা খেয়ালের উদ্যোক্তা, সংগীতজ্ঞ ও সংস্কৃতি কেন্দ্রের চেয়ারম্যান আজাদ রহমান, চ্যানেল আই’র পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ এবং ইস্পাহানি টি লি.-এর সিনিয়র ম্যানেজার মোঃ হারুন।

সংবাদ সম্মেলনে সংগীতজ্ঞ আজাদ রহমান বলেন, “ ‘গত পাঁচ বছর ধরে একটানা উচ্চাঙ্গ সঙ্গীতের উৎসব আয়োজন করে আসছে চ্যানেল আই। তারা আমাদের সংগীত জগত তথা সংগীতপ্রেমীদের পরম বন্ধু। আগে খেয়াল শোনার ব্যাপারে মানুষ আগ্রহী হয়নি, কিন্তু এ খেয়াল উৎসবের ফলে খেয়ালের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে এবং বাংলা খেয়াল চর্চায় মানুষের মনোযোগ বাড়ছে।”

উৎসব প্রসঙ্গে শাইখ সিরাজ বলেন,  “খেয়াল তথা উচ্চাঙ্গ সংগীত যে কোনো সংগীতের প্রাণ। এ উৎসবটির নিয়মিত আয়োজনের ফলে প্রতি বছরই প্রসারিত হচ্ছে এর পরিধি।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ড. নাশিদ কামাল, ড. লীনা তাপসী খান, অনিল কুমার সাহা, করিম শাহাবুদ্দিন, ড. হারুনুর রশিদ, সেলিনা আজাদ-সহ উচ্চাঙ্গ সঙ্গীতের  প্রবীণ ও নবীন শিল্পীবৃন্দ। সংবাদ সম্মেলনে উপস্থিত শিল্পীরা পাঠ্য বইয়ে উচ্চাঙ্গ সঙ্গীত বিষয় অন্তর্ভুক্ত করার দাবি করেন।

বাংলা খেয়াল প্রযোজনা করবেন অনন্যা রুমা। তিনি জানান, গত উৎসবে যারা গান করেছেন তারাই গাইবেন। থাকবে ৪৫ জন একক শিল্পীর পরিবেশনা, ২০০ শিশুর উপস্থিতিতে ‘বাংলা খেয়াল’ উৎসব উদ্বোধন হবে এবং ১০ দলে ১০০ জন শিল্পীর পরিবেশনা থাকবে পুরো উৎসবজুড়ে।

৩১ জানুয়ারি বিকেল ৫টা ৩০ মিনিটে শুরু হবে দু’দিনব্যাপী এ উৎসব। বিরামহীনভাবে চলবে ১ ফেব্রুয়ারি সকাল ৮টা ৪৫ মিনিট পর্যন্ত। উৎসবটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।