২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘খোয়াবনামা’ মঞ্চে আসছে

কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের আলোচিত উপন্যাস ‘খোয়াবনামা’ মঞ্চে আনছে প্রাচ্যনাট।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2019, 06:53 PM

Updated : 10 Oct 2022, 08:53 PM

সংগঠনের ২০ বছর পূর্তি উপলক্ষে বাংলা সাহিত্যের মহাকাব্যিক এই আখ্যানটিকে মঞ্চে আনার সাহসী এই পদক্ষেপ নিয়েছে তারা।

নাটকটির নির্দেশক কাজী তৌফিকুল ইসলাম ইমন জানান, নাটকটির নির্মাণ প্রস্তুতি চলছে। তবে নির্মাণকালীন সময়েই এর অংশ বিশেষ মঞ্চস্থ করতে যাচ্ছে দলটি।

প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইনের ৩৫তম ব্যাচের শিক্ষার্থীদের সনদ বিতরণী অনুষ্ঠানে নাটকটি মঞ্চে আসবে বলে জানান তিনি।

ইমন বলেন, “অনেক দিন ধরে বড় পরিসরে কাজের একটা পরিকল্পনা, আর তার সাথে প্রাচ্যনাটের ২০ বছর, সবকিছু মিলে মাথায় আসল আখতারুজ্জামান ইলিয়াসের ‘খোয়াবনামা’।

“দলের জন্য ‘খোয়াবনামা’ করার আগে তার প্রস্তুতি পর্ব হিসেবে প্রাচ্যনাট স্কুলের সমাপনী অনুষ্ঠানে এর কিছু অংশ উপস্থাপনের উদ্যোগ নিলাম। এতো বিস্তারের একটা উপন্যাসের মঞ্চে উপস্থাপনা খুবই দুরুহ কাজ।”

ব্রিটিশ শাসনামলকে পটভূমি রেখে বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি এলাকার গল্পের আড়ালে ‘খোয়াবনামা’য় বর্ণিত হয়েছে ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাস।

এমন উপন্যাসের মঞ্চায়ন খুব একটা সহজ নয় বলে স্বীকার করে নিলেন নির্দেশক ইমনও।

তিনি বলেন, “একটু একটু করেই আগাতে চাই। শুরুটা হোক, তারপর নিশ্চয়ই গন্তব্যে পৌঁছানো যাবে। যারা আজ অভিনয় করছে বা যা অভিনীত হচ্ছে ভালমন্দ এখনই বিচার করতে না বসি। এই অভিনয়ের প্রেরণা তাদেরকে পথ দেখাক আর তাদের প্রেরণা আমাদের উদ্যোমী করে তুলুক, পথ দেখাক, তবেই না আমাদের খোয়াবগুলো পূর্ণতা পাবে। জয় হোক থিয়েটারের।”

আগামী ২৮ জানুয়ারি সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে সনদ বিতরণী ও নাট্য প্রদর্শনীর আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অধ্যাপক খালিকুজ্জামান ইলিয়াস, যিনি আখতারুজ্জামান ইলিয়াসেরই ভাই। অভিনেত্রী বিপাশা হায়াতও থাকবেন অতিথি।

নাট্য প্রদর্শনী ছাড়াও ওই দিন মিলনায়তনের বাইরে থাকবে উন্মুক্ত পোস্টার প্রদর্শনী।