২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সমালোচক বিচারে সেরা মাসুম আজিজ, দর্শক বিচারে সৃজিত

পুরস্কার প্রদানের মধ্য দিয়ে শেষ হলো সপ্তদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2019, 06:00 PM

Updated : 08 Apr 2022, 03:43 PM

শেষ হলো নয় দিনব্যাপী ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলতিবছর সমালোচকদের বিচারে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে মাসুম আজিজ পরিচালিত চলচ্চিত্র ‘সনাতন গল্প’। অন্যদিকে দর্শক বিচারে সেরা চলচ্চিত্র পুরস্কার পেয়েছে কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জীর ‘এক যে ছিলো রাজা’।

শুক্রবার বিকেলে জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উৎসবের প্রধান পৃষ্ঠপোষক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তথ্য মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক।

এছাড়া, দেশ-বিদেশের চলচ্চিত্র সংশ্লিষ্টরাও আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন।

উৎসবে, নারী নির্মাতাদের নির্মাণে সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্বাচিত হয়েছে যুক্তরাজ্যের নির্মাতা ফাতেমি আহমাদি পরিচালিত ‘বিটার সি’। বেস্ট উইমেন ফিল্ম মেকার ডকুমেন্টারি বিভাগে স্পেশাল ম্যানশন পেয়েছে  বুরকিনা ফাসো নির্মিত ‘বুরকিনাবি বাউন্টি’।

উৎসবে উইমেন ফিল্ম মেকার সেকশানে সেরা প্রামাণ্যচিত্র নির্বাচিত হয়েছে বাংলাদেশের নির্মাতা লিসা গাজী নির্মিত ‘রাইজিং সাইলেন্স’, এ বিভাগে সেরা কাহিনিচিত্র নির্বাচিত হয়েছে ডেনিস ও হারা নির্মিত ‘মামাং’। এছাড়াও বেস্ট ফিল্ম ইন এশিয়ান কম্পিটিশন বিভাগে সেরা নির্বাচিত হয়েছে কিরগিস্তানের নির্মাতা আইবেক ডায়ারবিকভ এর ‘দ্য সং অফ দ্য ট্রি’।

এছাড়াও, ‘বেস্ট চিলড্রেন ফিল্ম’ ক্যাটাগরিতে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছেন টালগাট টেমেনভ পরিচালিত ‘লিটল প্রিন্স অফ আওয়ার সিটি’।

রাজধানীর পাঁচটি ভেন্যুতে একযোগে বসেছিল উৎসবের সপ্তদশ এই আসর। প্রদর্শিত হয়েছে ৭২টি দেশের প্রায় ২১৮টি চলচ্চিত্র।