২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সম্পর্ক ঝালিয়ে নিতে’ আলাদা থাকছেন ন্যান্সি

বিচ্ছেদের জন্য নয়, স্বামীর সঙ্গে দাম্পত্য সম্পর্কটাকে আরেকটু ঝালিয়ে রঙিন করে তুলতেই আলাদা থাকছেন জনপ্রিয় সংগীত শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি।

সাইমুম সাদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2019, 11:34 PM

Updated : 10 Oct 2022, 08:48 PM

বছরের প্রথমদিন স্বামী নাজিমুজ্জামান জায়েদের সঙ্গে তার আলাদা থাকার খবর গণমাধ্যমে এলে বিচ্ছেদের গুঞ্জন উস্কে উঠে শোবিজপাড়ায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ফোন করে তিনি বলেন, বিচ্ছেদের জন্য আমরা আলাদা থাকছি না। আমরা এ ধরনের কোনও সিদ্ধান্তও নিইনি। দাম্পত্য জীবনে দুজনের মধ্যে তৈরি হওয়া দূরত্ব কমানোর জন্যই আলাদা থাকছি আমরা।

২০১৩ সালের ৪ মার্চ ময়মনসিংহ পৌরসভার কর্মকর্তা নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন ন্যান্সি। তাদের সংসারে নায়লা নামে এক কন্যা আছে।

বিয়ের পাঁচ বছরের মাথায় ন্যান্সি উপলব্ধি করলেন, “আমাদের খুব স্বাভাবিক কথাবার্তা হয়। আমাদের সম্পর্কটা খুবই ‘নিরামিষ’ টাইপের হয়ে গেছে। আমরা আমাদের নিয়ে কোনও কথা বলতে পারি না; সংসার, বাচ্চা, ওদের ভবিষ্যত নিয়েই বেশিরভাগ কথা হয়। আমাদের নিয়ে কোনও আলোচনা হয় না। সেকারণেই আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছি আমি।”

Image
ফেইসবুক থেকে নেওয়া।

ফেইসবুক থেকে নেওয়া।

তার ধারণা, “কিছুদিন দূরে থাকলে মানুষের শূন্যতাটা পুরোপুরি বোঝা যায়। তখন হয়তো দু’জন ‍দু’জনকে বুঝতে পারব। আমাদের মধ্যে কোনও ধরনের সমস্যা নাই।”

স্বামীর ব্যাপারে তার কোনও অভিযোগ নেই। তাদের মধ্যে সম্পর্কটা ‘স্বামী-স্ত্রীর চেয়েও বেশি বন্ধুত্বের’, ১৫ ধরে একে অপরের চেনাজানা বলে জানান এ সংগীতশিল্পী।

মাস দুয়েক ধরে দু’জন দু’জনার বাসায় আলাদা থাকলেও দেখা-সাক্ষাত প্রায়ই ঘটে।দিন ১৫ আগেও ন্যান্সির জন্মদিনে হাজির হয়ে জমি উপহার দিয়েছিলেন তার স্বামী।

তাহলে দূরত্ব তৈরি হলো কিভাবে?

১৭ দিন বয়সী তাদের দ্বিতীয় কন্যা আলিনার মৃত্যু, শ্বশুড়ের প্যারালাইজড হওয়ার পর মানসিক চাপে তাদের মধ্যে দূরত্ব বেড়েছে বলে উপলব্ধি ন্যান্সির।

খানিকটা অনুযোগের সুরে তিনি বললেন, “আমার ব্যাপারে ওর মানসিক অ্যাটাচমেন্ট হয়তো আর আগের মতো কাজ করে না। কিন্তু আমি তো বিষয়টি চাই। ও আমাকেই ভালোবাসে সেটা জানি কিন্তু ভালোবাসার কোনও বহিঃপ্রকাশ আমি দেখতে পাচ্ছি না।”

ঝুলে থাকা সম্পর্কটা তাহলে চূড়ান্তভাবে কোন দিকে গড়াচ্ছে?

Image
ফেইসবুক থেকে নেওয়া।

ফেইসবুক থেকে নেওয়া।

“বিচ্ছেদ নিয়ে আমাদের কোনও কথা হয়নি। আমরা বিচ্ছেদের কোনও পরিকল্পনা করিনি। যে লোকটাকে আমি ভালোবাসি, আমার বাচ্চার বাবা ও আমাকে সম্মান করে তাকে নিয়ে এরকম বিচ্ছেদের ভাবনা ভাবাটা ছেলেখেলার মতো। আমরা আলাদা হয়ে গেছি সেটাই কখনো ভাবিনি।”, বলেন তিনি।

বিষয়টি নিয়ে তার স্বামী নাজিমুজ্জামান জায়েদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার মন মেজাজ ভালো নেই। ন্যান্সি আমাকে এড়িয়ে চলে, আমি আলাদা থাকি। কিন্তু বিচ্ছেদ তো হয়নি।”

বিষয়টি ন্যান্সিকে অবগত করা হলে তিনি বলেন, “জায়েদ নেহায়েত একজন ভদ্রলোক। গণমাধ্যমে রসিয়ে রসিয়ে বিচ্ছেদের সংবাদগুলো দু’জনের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলছে। ওর মন খারাপ করে দিচ্ছে। সংবাদে তাকে হেয় করা হচ্ছে। এই লোকটাকে হেয় করার কোনও মানে হয় না। এটা কাম্য নয়।”

জায়েদের সঙ্গে সংসার শুরুর আগে ২০০৬ সালে ভালোবেসে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে বিয়ে করেছিলেন তিনি। ২০১২ সালের ২৪ মে ছয় বছরের সংসার জীবনের ইতি টেনে পরের বছর দ্বিতীয় সংসার শুরু করেছিলেন ন্যান্সি। আগের সংসারে রোদেলা নামে তাদের আরেকটি মেয়ে আছে।

২০০৬ সালে ‘হৃদয়ের কথা’ প্লেব্যাকের মধ্য দিয়ে সংগীতে অভিষেক ঘটে তার; অল্প কয়েকটি গান কণ্ঠে তুলেই আলোচনায় উঠেন আসেন। ২০১১ সালে ‘প্রজাপতি’ চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।