২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০১৮: ছোটপর্দা এখন ‘মেজপর্দা’!

ছোটপর্দা বলতে এতদিন টেলিভিশনকে বোঝানো হলেও সেই স্থান দখল করে নিয়েছে ইন্টারনেটভিত্তিক মাধ্যমগুলো। ফলে টেলিভিশনকে এখন ‘মেজপর্দা’ বলছেন অনেকে। অন্যদিকে ইন্টারনেটে ছোটপর্দায় চোখ ফেলেছে মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রুদ্র হক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2018, 10:57 PM

Updated : 08 Apr 2022, 07:34 PM

২০১৮ সালে ইন্টারনেটভিত্তিক প্লাটফর্মগুলোতে হুমড়ি খেয়েছে চলচ্চিত্র নাটক ও সংগীত জগত। মুক্তির পরপরই ইন্টারনেটভিত্তিক বিভিন্ন প্লাটফর্মে মুক্তি পেয়েছে চলচ্চিত্র ও নাটকগুলো। গান এখন আর শুধুই সুর ও কথানির্ভর নয়, মিউজিক ভিডিও হয়ে অন্তর্জালে মুক্তির মধ্য দিয়েই তার সফলতা নির্ভর করছে।

ইউটিউবের পাশাপাশি ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- আইফ্লিক্স, বাংলাফ্লিক্স, বঙ্গবিডি, বায়োস্কোপ। চলতি বছর টেলিভিশন মিডিয়ার পাশাপাশি এইসব ওয়েব প্ল্যাটফর্মের জন্যও নাটক, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ওয়েব সিরিজ নির্মাণের সংখ্যা বেড়েছে। ছোটপর্দা ও বড়পর্দার নির্মাতারাও এতে যুক্ত হয়েছেন।

এদের মধ্যে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, অমিতাভ রেজা চৌধুরী, তৌকির আহমেদ, মোস্তফা কামাল রাজসহ হালের মিজানুর রহমান আরিয়ান, অনন্য মামুন, সাকিব রায়হান ও নূহাশ হুমায়ূনকেও দেখা গেছে এতে সক্রিয় হতে।

অতিরিক্ত বিজ্ঞাপননির্ভর সম্প্রচারের কারণে টেলিভিশন নাটকগুলোও জনপ্রিয়তা পাচ্ছে ওয়েব প্লাটফর্মে এসেই। ফলে টেলিভিশন নাটকের প্রতি মুখ ফিরিয়ে নিচ্ছে দর্শক। দুই ঈদে মুক্তিপ্রাপ্ত ভালো বাজেটের নির্মাণগুলোর ভেতর থেকেই উঠে আসছে দর্শকপ্রিয় কাজ। বছরজুড়ে কম বাজেটে নাটক নির্মাণ করে নাটকের মান ধরে রাখতে হতাশ হচ্ছেন পরিচালকরা। সেই জায়গায় সম্ভাবনার দ্বার খুলেছে ওয়েব প্লাটফর্ম।

তবে, টেলিভিশন চ্যানেলকেই এখনও সামনে এগিয়ে রাখতে চান ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাহউদ্দিন লাভলু। কেমন গেলো টেলিভিশন নাটকের ২০১৮- এ প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি গ্লিটজকে বলেন, “২০১৮ সালে অনেক ভালো কাজ হয়েছে। অনেক নতুন নতুন ভাবনাগুলো যুক্ত হয়েছে। অনেক নতুন নির্মাতা নতুন চিন্তা প্রকাশ করেছেন। বিশেষ করে উৎসবকেন্দ্রিক নির্মাণগুলো বেশ প্রশংসিত হয়েছে।

“তবে, টেলিভিশনের বিজ্ঞাপন প্রক্রিয়ার কারণে দর্শক কাজগুলো স্বাধীনভাবে দেখতে পেরেছেন ইউটিউবে। সেদিক থেকে ইন্টারনেটভিত্তিক সাইটগুলো বিকল্প মাধ্যম হিসেবে কাজ করছে।”

তবে টেলিভিশন এখনই প্রয়োজনীয়তা হারাতে চলছে বলে মনে করেন না লাভলু।

“কেননা সবার হাতে এখনও স্মার্টফোন নেই, বেশিরভাগ দর্শকই টেলিভিশন দর্শক। তবে টেলিভিশন মিডিয়া এখন আর ছোটপর্দা নেই। তাদের দায়িত্ব আরও বেড়েছে।”

২০১৮ সালে টেলিভিশন নাটকে প্রশংসিত হয়েছে ছবিয়ালের ‘ভাই ব্রাদার এক্সপ্রেস’ এর নাটকগুলো। এছাড়াও জনপ্রিয় হয়েছে তরুণ নির্মাতাদের বেশকিছু নির্মাণ।

টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এক সংবাদ সম্মেলনে দাবি করে, বাংলাদেশের বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলের কাছে বিভিন্ন প্রযোজকের ১০০ কোটি টাকারও বেশি বকেয়া জমেছে।

এ পরিস্থিতিতে নতুন বছরে নির্মাতা-শিল্পী ও প্রযোজকদের সব সংগঠন এক হয়ে সংকট দূর করতে উদ্যোগী হবেন বলে জানিয়েছেন লাভলু। অন্যদিকে, ওয়েব প্লাটফর্মের এই উত্থানও নতুন দিনের আশায় আলো ফেলছে বলে মনে করেন তিনি।

তার ভাষ্যে, “নাটকসংশ্লিষ্ট সব সংগঠনগুলোকে নিয়ে আমরা চলমান সমস্যা দূরীকরণে নতুন বছরে কাজ করবো। ইতিমধ্যেই এ ধরনের একটি উদ্যোগ নেওয়া হচ্ছে। আশা করছি, টেলিভিশনকেই মুখ্য ভেবে আমরা এগিয়ে যেতে পারব। ইন্টারনেট ভিত্তিক প্লাটফর্মগুলোতে যে নির্মাণের যাত্রা শুরু হয়েছে ২০১৮ সালের মাঝামাঝিতে সেটি ২০১৯ এ গিয়ে একটি রূপ পাবে বলে মনে করছি। ততদিন একটু পর্যবেক্ষণ করতে চাই।”

টেলিভিশন নাটকে ২০১৮ সালে আরও বেশি দর্শকপ্রিয়তা অর্জন করেছেন তরুণ অভিনেতা-অভিনেত্রীরা। বছরজুড়ে আফরান নিশো, তিশা, মেহজাবিন, অপূর্ব’র পাশাপাশি পর্দায় নিজেদের জনপ্রিয়তা পাকাপোক্ত করেছেন তানজিন তিশা, জোভান, সাবিলা নূর, সাফা কবিরসহ বেশকিছু মুখ।