২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০১৮: চলচ্চিত্রে অশনি সংকেত?

২০১৮ সালে কতটুকু এগোলো বাংলাদেশের চলচ্চিত্র? সংশ্লিষ্টরা বলছেন, বাংলা চলচ্চিত্রের বর্তমান চিত্র ভবিষ্যতের জন্য এক ‘অশনি সংকেত’; যদিও সঙ্কট উৎরে নির্মিত কিছু চলচ্চিত্র আশাও দেখাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রুদ্র হক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2018, 07:37 PM

Updated : 08 Apr 2022, 07:34 PM

বিদায়ী বছরে সর্বমোট ৫৬টি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। এর মধ্যে ১১টি চলচ্চিত্র আমদানি করা, ৩টি যৌথ প্রযোজনার।

বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে চলচ্চিত্রে মন্দাভাব কাটেনি এবছর। বাণিজ্যিক সফলতায় ভরসাস্থল শাকিব খানও উপহার দিতে পারেননি দেশীয় প্রযোজনার ব্যবসাসফল চলচ্চিত্র। তবে আমদানির ফাঁক গলে ভারতীয় বাংলা চলচ্চিত্রেই নতুনরূপে দর্শকগ্রহণযোগ্যতা মিলেছে শাকিবের।

অন্যদিকে, গত বছরগুলোতে যৌথপ্রযোজনায় চলচ্চিত্র নির্মাণে হিড়িক থাকলেও এ বছর কেবল তিনটি যৌথপ্রযোজনার চলচ্চিত্র মুক্তি পায়।

প্রেক্ষাগৃহের পরিবেশ, যোগ্য নির্মাতা-প্রযোজক ও মৌলিক কাহিনীর সঙ্কেটের কথাই ঘুরেফিরে এসেছে এ বছর।

দেশীয় চলচ্চিত্রের মুক্তির সংখ্যাও কমেছে আশঙ্কাজনক হারে। ২০১৬ সালে ৬৭টি, ২০১৭ সালে ৫৬টির পর ২০১৮ সালে এই সংখ্যা ৪২টিতে নেমে এসেছে।

অন্যদিকে, বাংলা চলচ্চিত্রের যখন এই হাল তরুণদের চাহিদাকে পুঁজি করে হলিউডি ছবির বাজার তৈরি করে দিয়েছে সিনেপ্লেক্সগুলো। রাজধানীর স্টার সিনেপ্লেক্স, শ্যামলী সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাস-এ চলতি বছর হলিউডি ছবি মুক্তি পেয়েছে প্রায় ৬০টি।

পরিবেশক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ সার্বিক পরিস্থিতিকে ‘দেশিয় ছবির জন্য অশনি সংকেত’ বলে মনে করছেন।

গ্লিটজকে তিনি বলেন, “দেশীয় ছবির এ হাল কারণ প্রযোজকরা ভালো ছবি তৈরি করছেন না। ভালো কাহিনি ও যোগ্য নির্মাতার হাতে ছবি নির্মাণ না করে ফরমুলাভিত্তিক ছবি নির্মাণ করে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যারা ভালো করছে তারা ভালো ফলও পাচ্ছেন। ‘দেবী’ এখনও হলে চলছে। কী কারণে চলছে? ভালো নির্মাণ ও প্রচারণা কৌশলের জেরে।

ইফতেখার বলেন, “দেশীয় চলচ্চিত্রের সংখ্যা আশংকাজনক হারে কমছে। হল মালিকরা কী চালাবেন? তাদের তো জোগান দিতে হবে। সেই জোগান দিতেও নানা ঝামেলা পোহাতে হচ্ছে আমদানিকারকদের।

“হলিউডি ছবি দেদারসে চলছে, বাংলা ছবি-হিন্দি (ভারতীয়) ছবি মুক্তি পেলে দোষ কোথায়? বাজার উন্মুক্ত করে না দিলে এ সঙ্কটের আশু সমাধান নেই। বর্তমানে আড়াইশ হল আছে। তা আরও কমবে।”

পরিচালক সমিতির সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে ২৮৩ জন নির্মাতার ভেতর অধিকাংশই নিষ্ক্রিয় অবস্থানে আছেন। নির্মাণে সক্রিয় আছেন কেবল ৩০ থেকে ৩৫ জন।

২০১৮ সালের পরিপ্রেক্ষিতে ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থা নিয়ে এ সংগঠনের সভাপতি মুশফিকুর রহমান গুলজার গ্লিটজকে বলেন, “প্রযোজকরা লগ্নি না করলে নির্মাতাদের কী করার আছে! নির্মাতার কাজ নির্মাণ করা। প্রযোজকরা নির্মাণে আগ্রহী হচ্ছেন না, কারণ তারা লগ্নী করে অর্থ ফেরত পাচ্ছেন না। অর্থ ফেরত পাচ্ছেন না কারণ পরিবেশনার জটিলতা। পরিবেশকরা এমন সিস্টেম করে রেখেছে যার ফলে সিনেমা হলে মুক্তি দিলে টিকেটের টাকা ভাগ হতে হতে প্রযোজকের কাছে খুব সীমিত অংশই আসছে।”

দেশীয় চলচ্চিত্রের এমন অবস্থায় প্রযোজক সমিতির নিস্ক্রিয়তাকে দায়ী করে গুলজার বলেন, “ই টিকিটিং সিস্টেম চালু না করলে এ প্রযোজক কখনোই তার লগ্নিকৃত অর্থ ফেরত পাবেন না। ছবি বানানো এখন যত সহজ, মুক্তি দেওয়া তার চেয়েও কঠিন। পরিবেশকদের সৃষ্ট এ জটিলতার কারণে তারা মূলত নিজের পায়ে নিজেরাই কুড়াল মারছেন। তাদের আমদানিনির্ভর ছবিও এ জন্য সাফল্য পাচ্ছে না। আমরাতো আমাদের চেষ্টা করেই যাচ্ছি। কিন্তু কাজটা প্রযোজকদের। দীর্ঘদিন আইনি জটিলতায় প্রযোজক সমিতির নির্বাচন স্থগিত আছে। সে জটিলতা অতিক্রম করতে পারলে প্রযোজক সমিতির সক্রিয় ভূমিকাই এ অবস্থার উত্তরণ ঘটাতে পারবে। তারা চাপ দিতে পারবেন পরিবেশকদের।”  

এ পরিস্থিতির ভেতরও দেশীয় চলচ্চিত্রে আলোচিত ও জনপ্রিয় বেশ কিছু আশা সঞ্চারি উদ্যোগ দেখা গেছে।

চলচ্চিত্রাঙ্গনে এ বছরের অন্যতম সাফল্য যৌথ প্রযোজনার নতুন নীতিমালা প্রণয়ন ও উৎসবে বিদেশি চলচ্চিত্রের প্রদর্শন নিষিদ্ধ হওয়া। যার ফলে চলচ্চিত্র নির্মাণে স্বচ্ছতা যেমন নিশ্চিত হবে তেমনি অনুপ্রেরণা পাবেন দেশিয় চলচ্চিত্রের নির্মাতারাও। এছাড়াও, সরকারি উদ্যোগে চলতিবছর ৬৪ জেলায় সিনেমা হল নির্মাণের উদ্যোগ গ্রহণ করে গঠন করা হয়েছে কমিটি। বেসরকারি উদ্যোগে রাজধানীসহ বিভাগীয় শহরগুলো সিনেপ্লেক্স নির্মাণের উদ্যোগ নিয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। দেশের বাইরে বেশ কিছু দেশিয় চলচ্চিত্র মুক্তি ও প্রশংসা অর্জন করেছে এ বছরও।

মানের বিচারে, দর্শক গ্রহণযোগ্যতায়, দেশে ও বিদেশে প্রশংসিত আলোচিত চলচ্চিত্রগুলোর দিকে তাকালে দর্শকের মনে পড়বে কয়েকটি চলচ্চিত্রের কথা। ইমতিয়াজ আহমেদ বিজন পরিচালিত ‘মাটির প্রজার দেশে’ চলচ্চিত্রটি খুব বেশি হল না পেলেও দেশে-বিদেশে দারুণ প্রশংসিত হয়েছে। কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের চিত্রনাট্যে নূর ইসলাম মিঠু পরিচালিত ‘কমলা রকেট’ চলচ্চিত্রটির কথাও উচ্চারিত হবে।

দীর্ঘদিন পর চলচ্চিত্র নির্মাণে ফেরা গিয়াস উদ্দিন সেলিমের যৌথ প্রযোজনার ছবি ‘স্বপ্নজাল’ও দর্শকমহলে প্রশংসিত হয়েছে। নতুনরূপে চলচ্চিত্রে ফিরেছেন চিত্রনায়িকা পরীমনি। পোড়ামন-২ ও দহন চলচ্চিত্রটির মাধ্যমে সিয়াম-পূজা জুটির উত্থান ও চলচ্চিত্রটির ব্যবসায়িক সাফল্যের কৃতিত্ব পাবেন নির্মাতা রায়হান রাফি ও প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।

প্রযোজক হিসেবে অভিষেকেই জয়া আহসানের চলচ্চিত্র ‘দেবী’ বছরের অন্যতম আলোচিত ও প্রশংসিত ছবি। প্রচার কৌশলে ও নির্মাণে, দেশে বিদেশে ব্যবসায়িক সফলতায় অনন্য উদাহরণ সৃষ্টি করেছে চলচ্চিত্রটি।

জঙ্গিবাদ নিয়ে চলচ্চিত্র নির্মাণ করে বিষয়বৈচিত্র্যে আলোচিত হয়েছে খিজির হায়াত প্রযোজিত ও অভিনীত ‘মিস্টার বাংলাদেশ’। চলচ্চিত্রটির জন্য জঙ্গি হুমকিতেও পড়েছেন এ নির্মাতা।

আসিফ ইসলাম ও ফয়সাল রদ্দি নির্মিত শিশুতোষ চলচ্চিত্র ‘পাঠশালা’ মাত্র দু’টি হলে মুক্তি পেলেও শিশু বিনোদনের লক্ষ্যে নির্মিত চলচ্চিত্রটিও দর্শকমহলে প্রশংসিত হয়েছে।

তবে, বছরের সর্বশেষ আলোচিত চলচ্চিত্রটি কাহিনিচিত্র নয়, প্রামাণ্যচিত্র ‘হাসিনা: আ ডটার্স টেল’। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা’র জীবননির্ভর এ প্রামাণ্যচিত্রটি বছরের অন্যতম আলোচিত নির্মাণ হিসেবে নানামহলে দারুণ প্রশংসিত হয়। এটি নির্মাণ করেন পিপলু খান।