মুক্তিযুদ্ধের চেতনায় ‘ওরা আছে’
বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে নির্মিত হলো গানচিত্র ‘ওরা আছে’।
বদরুল আলম রূপম ও এলিটা করিমের কন্ঠে তৈরি হলো গান ‘ওরা আছে’। গানের কথা ও সুরের সঙ্গে সংগতি রেখে নির্মিত হয়েছে এর বিশেষ মিউজিক ভিডিও।
২০১৮ এর ঢাকা শহরের রাস্তায় একাত্তরের পাতা থেকে উঠে এসেছে কয়েকজন মুক্তিযোদ্ধা, যারা নিশ্চুপ হয়ে দেখছে ইট, কাঠ, পাথরের এ শহরের প্রতিদিনের নানা অসঙ্গতি, অবহেলা! কিন্তু ফিরে চলে যাবার পর, তাদের রেখে যাওয়া দেশাত্ববোধ এবং চেতনার প্রতীক হিসেবে পড়ে থাকতে দেখি জাতীয় পতাকা, যা দেখে আমাদের অবচেতন স্বত্বাকে নাড়া দেয়।
বাংলাদেশের ৪৮তম বিজয় দিবস উপলক্ষে এমন বোধেই নির্মিত হয়েছে ‘ওরা আছে’।
অলিম্পিক ইন্ডাস্ট্রিস লিমিটেডের পরিবেশনায় গানটির গীতিকার এবং গল্পের রূপকার আসিফ পিয়াস। গানটি চিত্রায়ন করেছেন ওয়াহিদ তারেক।গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ফুয়াদ রাব্বী।
গানটি প্রসঙ্গে আসিফ পিয়াস বলেন, ”আসলে এদেশের ন্যাশনালিজম এর যে কোনো দিক নিয়ে যখনই আমরা কোনো কথা বলতে বা ভাবতে শুরু করি, তখনই কিভাবে কিভাবে যেন দুটি ভাগে ভাগ হয়ে যাই; রাজনৈতিক আর ব্যক্তিগত। যেখানে রাজনৈতিক পরিমন্ডলে দেশের চুলচেরা বিশ্লেষণ করলেও, ব্যাক্তিগত জায়গায় দাঁড়িয়ে নিজেদের দেশের প্রতি ছোট ছোট করণীয়গুলোকে আমরা সবসময় এড়িয়ে যেতেই আরামবোধ করি। কিন্তু বারবার ভুলে যাই, সবার এই ছোট ছোট কাজগুলোর সম্মিলিত প্রচেষ্টাই, দেশটাকে একটা অসাধারণ মানবিক দেশে পরিণত করতে পারে। যার স্বপ্নটাই হয়তো ৭১-এ আমাদের মুক্তিযোদ্ধারা দেখেছিলেন। আর এমন একটা ভাবনার জায়গা থেকেই, আমাদের এই গান, এই গল্প- ‘ওরা আছে’।”
১৬ ডিসেম্বর বিজয় দিবসে গানটি উন্মুক্ত হয়েছে অন্তর্জালে।
