‘শিরোনামহীন’র গান পরিবেশনের ‘অধিকার’ নেই তুহীনের
‘শিরোনামহীন’র অনুমতি ছাড়া ব্যান্ডটির কোনও গান পরিবেশন করতে পারবেন না সাবেক লিড ভোকালিস্ট তানযীর তুহীন; সম্প্রতি কপিরাইট অফিস থেকে এ রায় দেওয়া হয়েছে।
তবে এ রায়কে ‘একতরফা’ বলে দাবি করেছেন তুহীন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “একজনের মতামত দিয়ে এ সিদ্ধান্ত হতে পারে না। কপিরাইট অফিস ইচ্ছামত প্রভাবিত হতে পারে না।”
খুব শিগগিরই এ রায়ের বিপরীতে আপিল করবেন বলেও জানান তিনি।
কপিরাইট অফিসের রায়ে জানানো হয়েছে, গীতিকার ও সুরকারের সম্মতি ব্যতিরেকে প্রকাশিত কোনও গান পুনরায় অন্য কোনও উপায়ে বাণিজ্যিকভাবে পরিবেশন করা হলে বাংলাদেশ কপিরাইট আইনের ৭১ ধারা অনুযায়ী কপিরাইট লঙ্ঘন মর্মে বিবেচিত হবে; যা কপিরাইট আইনের ৮২ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য।
গত বছরের অক্টোবরে ব্যক্তিগত কারণ দেখিয়ে ‘শিরোনামহীন’ ছেড়ে ‘আভাস’ নামে নতুন আরেকটি ব্যান্ড গঠন করেন তুহীন।
শিরোনামহীন ছাড়লেও বিভিন্ন কনসার্টে ব্যান্ডটির গান অনুমতি ছাড়াই তিনি পরিবেশন করছেন বলে কপিরাইট অফিসে অভিযোগ করেন ব্যান্ডটির প্রতিষ্ঠাতা সদস্য জিয়াউর রহমান জিয়া।
তিনি অভিযোগ করেন, ‘শিরোনামহীন’র জনপ্রিয় গানসমূহ বিনা অনুমতিতে বিভিন্ন অনুষ্ঠান ও কনসার্টে পরিবেশন করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন তানযীর তুহীন। এতে ব্যান্ডের সদস্যগণ যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে, তেমনি নিন্মমানের পরিবেশনার ফলে ব্যান্ডটির সুনামও ক্ষতিগ্রস্থ হচ্ছে।
জিয়ার এ অভিযোগ আমলে নিয়ে নিরীক্ষা করে কপিরাইট অফিস জানায়, তুহীনের অনুমতিক্রমে আগেই ‘শিরোনামহীন’ ব্যান্ডের নামে গানগুলোর কপিরাইট রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে, ফলে গানগুলো বিনা অনুমতিতে বাণিজ্যিকভাবে পরিবেশনের অধিকার আর এখন তানযীর তুহীনের নেই।
এটা আমাদের কাছে ভদ্রোচিত মনে হয়নি। ওই বিষয়টি ছাড়া ওর প্রতি ক্ষোভ কিংবা অভিযোগ নেই। যে গানগুলোর রাইট আমরা রাখি সেইগুলোই আমরা দাবি করেছি।”
‘জাহাজি’, ‘ইচ্ছেঘুড়ি’, ‘বন্ধ জানালা’, ‘শিরোনামহীন শিরোনামহীন’, ‘মিক্সড এ্যালবাম’, ‘শিরোনামহীন রবীন্দ্রনাথ’ শিরোনামে মোট ৬টি অ্যালবামে ৬২টি গান প্রকাশ করেছে ‘শিরোনামহীন’।
এর মধ্যে অধিকাংশ গানের কন্ঠশিল্পী তানযীর তুহীন এবং বেশ কিছু গানের গীতিকার ও সুরকারও তিনি। যে গানগুলো তিনি গত ২০ বছর ধরে গেয়ে আসছেন সে গানগুলো কেন তিনি গাইতে পারবেন না?-এমন প্রশ্ন আসে তার তরফ থেকে।
প্রশ্নকে আমলে নিয়ে উভয় পক্ষের শুনানি এবং লিখিত বক্তব্য গ্রহণ করা হয়। উভয়পক্ষের বক্তব্য, দাখিলকৃত ডকুমেন্ট ও সংশ্লিষ্ট নথি পর্যালোচনায় দেখা যায়, এ অ্যালবামগুলো ব্যান্ড শিরোনামহীনের নামে কপিরাইট রেজিস্ট্রেশনকৃত। যার কপিরাইট রেজিস্ট্রেশন নম্বর ও তারিখ হলোঃ (১) জাহাজী-১৬২৯১ কপার তারিখ-০৪/১০/২০১৮, (২) ইচ্ছে ঘুড়ি-১৬২৯২ কপার তারিখ ০৪/১০/২০১৮, (৩) বন্ধ জানালা-১৬২৯০ কপার তারিখ ০৪/১০/২০১৮, (৪) শিরোনামহীন শিরোনামহীন-১৫৬৭৯ কপার তারিখ ১৮/০৩/২০১৮, (৫) শিরোনামহীন রবীন্দ্রনাথ-১৫৯৬৯ কপার তারিখ ২৮/০৫/২০১৮ এবং (৬) মিক্সড এ্যালবাম-১১৯০০-কপার তারিখ ০৬/০৭/২০১০
কপিরাইট অফিসের রেজিস্টার জাফর রাজা চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কপিরাইট রেজিস্ট্রেশনের জন্য আবেদনগুলো পরীক্ষাক্রমে দেখা যায় যে, আবেদনসমূহের সঙ্গে যে অঙ্গীকারনামা দাখিল করা হয়েছে, এতে বিবাদীও (তানযীর তুহীন)স্বাক্ষর করেছেন। এতে প্রমাণিত হয় যে, গানগুলোর স্বত্বাধিকারী ব্যান্ডদল ‘শিরোনামহীন’।
কপিরাইট অফিস জানিয়েছে, বিবাদী যেহেতু শিরোনামহীন ত্যাগ করেছেন এবং পূর্বেই তার সম্মতিতে ‘শিরোনামহীন’ ব্যান্ডের নামে গানগুলোর কপিরাইট রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে, সেহেতু উক্ত গানগুলো বিনা অনুমতিতে বাণিজ্যিকভাবে পরিবেশনের অধিকার আর তার নেই।
‘শিরোনামহীন’র পক্ষ থেকে কোনও অনুমতি দেওয়া হবে না বলেও জানান জিয়া।
“আমাদের গান আমাদের ব্যান্ড থেকেই উপস্থাপন করা হোক-সেটাই আমরা চাই। সে বিষয়ে অন্যরকম কোনও কিছু হলে সেখানে ডিসিপ্লিন থাকে না। অন্য চারজন মেম্বার নিয়ে যদি আমাদের গান কম্পোজ করেন কিংবা কপি করেও যদি করেন তাহলে শ্রোতারা সন্দিহান হবেন গানটি আসলে কার?”
এর বিপরীতে তানযীর তুহীন প্রশ্ন তোলেন, “ভোকালদের তাহলে অবস্থান কী? ব্যান্ড থেকে বের হলে ব্যান্ডে তার অবদানটার কোনও মূল্য নেই? সবই কী গীতিকার আর সুরকারের? তাহলে তো তারা নিজেরাই গেয়ে নিতে পারেন। ভোকাল ও অন্যান্য মিউজিশিয়ানদের ব্যাপারে রায়টা কী? ব্যান্ডের রুলস কী? সেটা জানা দরকার।”
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে কপিরাইট অফিসের রেজিস্টার জাফর রাজা চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিবাদী (তানযীর তুহীন) যে গানগুলোর একক এবং যৌথভাবে গীতিকার ও সুরকার, সে গানগুলোর অধিকার স্বত্ব ফিরে পাওয়ার বিষয়ে তিনি কপিরাইট অফিসে আবেদন দাখিল করতে পারেন।”
