২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘কালবেলা’ আর নির্মাণ হল না টুটুলের

১৪ বছর পর নির্মাণ করতে যাচ্ছিলেন মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘কালবেলা’। নির্মাণ শেষ হওয়ার আগেই মৃত্যু এসে থামিয়ে দিল তার নির্মাণ যাত্রা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রুদ্র হক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2018, 07:21 PM

Updated : 08 Apr 2022, 07:30 PM

সরকারি অনুদানে সাইদুল আনাম টুটুল পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘আধিয়ার’ মুক্তি পায় ২০০৩ সালে। ১৯৪৬-৪৭ সালের বাংলার চাষীদের তেভাগা আন্দোলনকে কেন্দ্র করে নির্মিত এই চলচ্চিত্র সমালোচক ও দর্শক উভয়ের কাছে নন্দিত হয়। 

তার ১৪ বছর পর ফের সরকারি অনুদানে (২০১৭-১৮) নির্মাণ করছিলেন তার দ্বিতীয় চলচ্চিত্র ‘কালবেলা’। ২০০১ সালে প্রকাশিত গবেষণা গ্রন্থ ‘নারীর ৭১ ও যুদ্ধপরবর্তী কথ্যকাহিনী’ বই থেকে অনুপ্রাণিত হয়ে মুক্তিযুদ্ধের সময়কালে একজন নারী সানজিদার অত্যাচার, নির্যাতনের গল্প তুলে ধরতে চাইছিলেন সাইদুল টুটুল।

চলচ্চিত্রটি সম্পর্কে সাইদুল আনাম টুটুল গণমাধ্যমকে বলেছিলেন, “আমাদের মহান মুক্তিযুদ্ধে নারীদের ওপর কী অমানবিক অত্যাচার ও নির্যাতন হয়েছিল তা কালবেলা দেখলেই দর্শক বুঝতে পারবেন।”

কালবেলা’র কলাকুশলীদের নাম প্রকাশ না করলেও সম্প্রতি রাজধানীর শিল্পকলা একাডেমিতে আলোকচিত্রী আনোয়ার হোসেন স্মরণসভায় তিনি জানিয়েছিলেন, চলচ্চিত্রটির দৃশ্যধারণের কাজ প্রায় ৯০ভাগ শেষ করেছেন। একটি গানের দৃশ্যায়নের জন্য কথা ছিলো শিগগিরই রাজশাহীতে যাবেন। তারই প্রস্তুতি নিচ্ছিলেন।

এরপর ১৫ ডিসেম্বর তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানী ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন। ১৭ ডিসেম্বর কিছুটা সুস্থ হওয়ায় তার লাইফ সাপোর্ট সরিয়ে নেওয়া হয় বলেও গ্লিটজকে জানিয়েছিলেন ডিরেক্টরস গিল্ড সভাপতি সালাহউদ্দিন লাভলু। কিন্তু মঙ্গলবার সকালে পুনরায় হার্ট অ্যাটাক হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় থেমে যায় জীবনযাত্রা।

ফেডারেশন অব ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন মামুন সংগঠনের পক্ষ থেকে তার মৃত্যুতে শোক জানিয়ে বলেন, “সাইদুল আনাম টুটুলের আকস্মিক প্রয়াণে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ এবং ফেডারেশন অন্তর্ভুক্ত দেশের সকল চলচ্চিত্র সংসদ গভীর শোক প্রকাশ করছে। তার মৃত্যুতে জাতির পক্ষ থেকে কেন্দ্রিয় শহীদ মিনারের পাদদেশে শ্রদ্ধা জানানো হবে আগামী ২০ ডিসেম্বর, সকাল ১১টায়। শ্রদ্ধাজ্ঞাপন শেষে দুপুর ১২ টা ৩০মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় জামে মসজিদের প্রাঙ্গণে তার নামাযে জানাজা হবে।”

পরিবারের ইচ্ছা অনুযায়ী তাকে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

সাইদুল আনাম টুটুল ১৯৫০ সালের ১ এপ্রিল পুরোনো ঢাকায় জন্মগ্রহণ করেন। শৈশব কৈশোর থেকেই তিনি বিভিন্ন সাংস্কৃতিক-সামাজিক সংগঠনের সাথে যুক্ত থেকেছেন। ছাত্রজীবনে তিনি ঢাকা সরকারি মুসলিম স্কুল থেকে ১৯৬৭ সালে মাধ্যমিক এবং পরে ঢাকা কলেজ থেকে ১৯৭১ সালে উচ্চ মাধ্যমিক পাস করেন।

ঢাকা কলেজে অধ্যয়নকালে সাইদুল আনাম টুটুল চলচ্চিত্র সংসদ আন্দোলনের সাথে যুক্ত হয়ে পড়েন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যোগদান করেন এবং ৬ নম্বর সেক্টরের আওতায় খুলনা অঞ্চলে সম্মুখ সমরে অংশগ্রহণ করেন।

মুক্তিযুদ্ধের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন টুটুল। চলচ্চিত্র সংসদ আন্দোলনের সঙ্গে যুক্ততার পরিপ্রেক্ষিতে তিনি ১৯৭৪ সালে ভারতের আইসিসিআর বৃত্তি নিয়ে পুনার চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটে চলচ্চিত্র সম্পাদনা অধ্যয়ন করতে চলে যান। চলচ্চিত্র সম্পাদনার উপর পড়াশোনা শেষ করে তিনি ১৯৭৮ সালে বাংলাদেশে ফিরে আসেন।

বাংলাদেশে ফিরে সাইদুল আনাম টুটুল বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে বিবেচিত ‘সূর্য দীঘল বাড়ী’ চলচ্চিত্রের সম্পাদনার দায়িত্ব গ্রহণ করেন। ১৯৭৯ সালে ‘সূর্য দীঘল বাড়ী’ চলচ্চিত্রের সম্পাদক হিসেবে তিনি শ্রেষ্ঠ চলচ্চিত্র সম্পাদকের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। 

চলচ্চিত্র সম্পাদক হিসেবে তিনি ‘সূর্য দীঘল বাড়ী’ ছাড়াও সম্পাদনা করেন সৈয়দ সালাহউদ্দিন জাকী নির্মিত ‘ঘুড্ডি’, শেখ নিয়ামত আলী নির্মিত ‘দহন’, মোরশেদুল ইসলামের ‘আগামী’, ‘দুখাই’, ‘দীপু নাম্বার টু’।

চলচ্চিত্র সম্পাদনার দায়িত্ব পালন ছাড়াও তিনি ছিলেন একজন চলচ্চিত্র শিক্ষক। বাংলাদেশের চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট, বিভিন্ন চলচ্চিত্র সংসদের আয়োজনে ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স ও চলচ্চিত্র নির্মাণ প্রশিক্ষণ কর্মশালায় তিনি চলচ্চিত্র ভাষা ও চলচ্চিত্র সম্পাদনা বিষয়ে পাঠদান করতেন। 

সাইদুল আনাম টুটুল বাংলাদেশে টেলিভিশন ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ নাটকের নির্মাতা। তার উল্লেখযোগ্য টেলিভিশন নাটকগুলো হলো নাল পিরান, বখাটে, সেকু সেকান্দর, ৫২ গলির এক গলি, আপন পর, গোবর চোর, হেলিকপ্টার, নিশিকাব্য, অপরাজিতা ইত্যাদি। 

সাইদুল আনাম টুটুল বাংলাদেশের বিজ্ঞাপনচিত্র নির্মাণের ধারায় প্রভূত পরিবর্তন আনেন। তিনি প্রায় চার শতাধিক বিজ্ঞাপনচিত্র নির্মাণ করেছেন।