ভারতের মঞ্চে মুকিদ চৌধুরীর চার নাটক
ভারতের হাওড়ার বালিতে শুরু হয়েছে ৪ দিনব্যাপী ‘আন্তর্জাতিক নাট্যোৎসব-২০১৮’। এতে বাংলাদেশের মুকিদ চৌধুরীর রচনায় ৪টি নাটক মঞ্চস্থ হতে যাচ্ছে।
অংকুর নাট্য সংস্থার আয়োজনে ২৯ নভেম্বর থেকে শুরু হয়েছে আন্তর্জাতিক এ নাট্যোৎসব। বাংলাদেশের নাট্যকার মুকিদ চৌধুরীর রচনায় এ উৎসবে মঞ্চস্থ হতে যাচ্ছে চারটি নাটক। এতে বাংলাদেশ থেকে দু’টি ও যুক্তরাজ্য ও ভারতের দু’টি নাট্যদল পরিবেশন করবে তার নাটকগুলো।
এর মধ্যে আগামী ১ ডিসেম্বর চিন্ময় দেবনাথের নির্দেশনায় ময়মনসিংহের নাট্যদল নাট্যকথকের প্রযোজনায় ‘কত রঙ’ ও ২ ডিসেম্বর ফখরুল হামিদের নির্দেশনায় শায়েস্তাগঞ্জের নাট্যদল দেশ নাট্যগোষ্ঠী’র ‘অপ্রাকৃতিক প্রকৃতি’, শফিকুল ইসলাম রুবেলের নির্দেশনায় যুক্তরাজ্যের নাট্যদল ওয়েভস এমসির প্রযোজনায় ‘জলের ভেতর জলের বিসর্জন’ ও মৃন্ময় রায় চৌধুরীর নির্দেশনায় ভারতের অংকুর নাট্যসংস্থার প্রযোজনায় ‘বন্ধ্যা’ শিরোনামের নাটক ৪টি মঞ্চস্থ হবে বলে জানিয়েছেন মুকিদ চৌধুরী নিজেই।
বাংলাদেশ থেকে নাট্যকার লিটন আব্বাস এই নাট্যোৎসবে অংশগ্রহণ করছেন। তিনি বলেন, “ড. মুকিদ চৌধুরীর কৌশল হচ্ছে ‘মুভমেন্ট থিয়েটার’-এর মাধ্যমে নাটককে তৃণমূল পর্যায়ে খুব সাধারণ মানুষের কাছাকাছি পৌঁছে দেওয়া ও হৃদয় হরণ করা। এখানেই নাট্যভাস্কর ড. মুকিদ চৌধুরীর নাটকের বৈশিষ্ট লক্ষণীয়।”
উৎসব পরিচালক মৃন্ময় রায় চৌধুরী বলেন, “এই উৎসবের গুরুত্ব এজন্যই বেশি অনুভূত হচ্ছে যে, বিভিন্ন দেশের অংশগ্রহণে আমাদের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ প্রসারিত হয়েছে এবং প্রতিনিয়ত এর উন্নতি সাধনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ বছর আমরা বাংলা মুভমেন্ট থিয়েটারের জনক ড. মুকিদ চৌধুরীকে ‘নাট্যগুরু’ উপাধিতে ভূষিত করে তাঁর প্রতি আমাদের ঋণ কিছুটা হলেও লাঘব করার চেষ্টা করেছি, এই আমাদের ধারণা।”
১৯৯১ সালে যুক্তরাজ্যের লন্ডনে নাট্যচর্চা শুরু করেন মুকিদ চৌধুরী। ১৯৯৬ সালে শায়েস্তাগঞ্জে গড়ে তোলেন তার নাট্যসংগঠন মুভমেন্ট থিয়েটার। দেশের মঞ্চ ছাড়াও তার রচিত ‘ঋতু’ (১৯৯৮) ও ‘মৌসুমী’(১৯৯৭) এডিনবরা আর্ট ফেস্টিভ্যালে মঞ্চস্থ হয়। লন্ডনে এ সিজন অব বাংলা ড্রামা উৎসবে ‘কতরঙ’ (২০১১), ‘একটি আষাঢ়ে স্বপ্ন’ (২০১২), ‘অপ্রাকৃতিক প্রকৃতি’ (২০১৩) ও ‘জলের ভেতর জলের বিসর্জন’ (২০১৫) মঞ্চায়ন হয়। এছাড়াও লন্ডনের বিভিন্ন উৎসবে তার পরিবেশিত নাটক ‘বাতাসের সঙ্গে যুদ্ধ’ (১৯৯৮), ‘তালতরঙ্গ’(১৯৯৯), ‘শ্যামা’ (১৯৯১), ‘চণ্ডালিকা’ (১৯৯১), ‘সাগরিকা’ (১৯৯৫) প্রভৃতি মঞ্চস্থ হয়।
