২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিক-প্রিয়াংকা: হবু দম্পতির টুকিটাকি

খুটিনাটি সব শেষ করে দাম্পত্য শুরুর প্রতীক্ষায় দুজনে। নিক জোনাস আর প্রিয়াংকা চোপড়ার বর-বধু হতে দেরি নেই আর।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2018, 08:37 PM

Updated : 19 Aug 2022, 02:57 PM

গত কয়েকমাস ধরেই ফ্যানদের যে রোমান্টিক অভিযাত্রায় সঙ্গী করেছেন, তার পূর্ণতা দিতে মুখিয়ে এই জুটি। দুজনের প্রথম ইনস্টাগ্রাম ছবি থেকে শুরু করে প্রাক-বিয়ের নানা উদযাপনে সবাইকে বিশেষ সেই ঘটনার জন্য প্রস্তুত এবং সাক্ষী রাখছেন তারা।

ফিরে যাই একটু পেছনে। ২৬ বছর বয়সী ‘জেলাস’ গায়ক নিক আর বলিউড সুপারস্টার ৩৬ বছরের প্রিয়াংকার রোমান্সের গুঞ্জন থেকে অনুষ্ঠেয়ে বিয়ের নানা টুকিটাকিতে।

গত বছর মেটগালাতে গুঞ্জন শুরু নিক-প্রিয়াংকা রোমান্সের। লাল কার্পেটে দুজনে যুথবন্দী রালফ লরেন ডিজাইনে। তবে এ বছর মে মাসেই তা ডালপালা মেলে। মেমোরিয়াল ডে উইকেন্ডে দুজনকে একসঙ্গে দেখা যায় আবার। সপ্তাহ কয়েক পর আটলান্টিক সিটিতে কাজিন র‌্যাচেল টাম্বুরেলির বিয়েতে নিকের ডেট হন প্রিয়াংকা। পরিবারের সবার সঙ্গে প্রিয়াংকার পরিচয় করিয়ে দেন নিক, তাদের সঙ্গে সময় কাটান দুজন।

সেই থেকেই অবিচ্ছেদ্য দুজন। দুনিয়াময় ঘুরে বেড়াচ্ছেন একসঙ্গে, পরস্পরের পরিবারকে সময় দিচ্ছেন। জুলাইয়ে টিফানি থেকে কেনা দুই লাখ ডলারের হিরের আংটি দিয়ে প্রেমিকাকে প্রপোজ করেন নিক, সানন্দে সম্মতি দেন প্রিয়াংকা। দুজনের বাগদান হয় ভারতে, রোকা উৎসবের মাধ্যমে উদযাপন করেন তা তাদের পরিবার।

অক্টোবরের শেষ দিকে নিউ ইয়র্ক সিটির টিফানি ব্লু বক্স ক্যাফেতে প্রিয়াংকার ব্রাইডাল শাওয়ার আয়োজন করেন তার দু্‌ই ঘনিষ্ঠ বান্ধবী আন্জুলা আচারিয়া ও মুবিনা র‌্যাটনসে। সে অনুষ্ঠানে মারচেসার স্প্রিং ২০১৮ কালেকশনের স্ট্র্র্যাপলেস গাউন পরেন প্রিয়াংকা, যা অনেকটা বিয়ের গাউনের মতোই দেখতে। কয়েকদিন পর আমস্টারডামে ব্যাচেলরেট পার্টি। বান্ধবীদের সঙ্গে সঙ্গী হন প্রিয়াংকার হবু ননদ সোফি টার্নার।

এ মাসের শুরুতে ছাদনাতলায় তার ৫ সঙ্গীর নাম জানিয়েছেন নিক। ভাই জো, কেভিন এবং ফ্রাঙ্কি জোনাসের পাশাপাশি বাকি দুজন হচ্ছেন তার ‘কিংডম’ সহ-অভিনেতা জোনাথন টাকার এবং প্রিয়াংকার ভাই সিদ্ধার্থ চোপড়া। এদের সবাইকে লাইমবাইক স্কুটার উপহার দিয়েছেন নিক, আর ইনস্টাগ্রামে ছবি দিয়ে লিখেছেন, ‘বরের সঙ্গীদের সারাক্ষণ দৌড়ের উপর রাখতে লাইমবাইকের বন্ধুদের সহায়তা নিলাম’।

নিকের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে বরসঙ্গী আসলে ১১ জন। ব্যাচেলর পার্টির আগে তাদের প্রত্যেকের জন্য বিশেষ নির্দেশনায় তৈরি লাইমবাইক উপহার দিয়েছেন নিক। নিজের জন্যও নিয়েছেন একটি।

এ মাসের শুরুতেই বিয়ের লাইসেন্স নিয়েছেন নিক ও প্রিয়াংকা। মূল অনুষ্ঠানের আগে আরও ক’টি ঐতিহ্যবাহী আয়োজন করতে যাচ্ছেন তারা। এর মধ্যে রয়েছে মেহেদি অনুষ্ঠান। খ্রিস্টীয় ধর্মরীতিতে নিকও একটি অনুষ্ঠান করবেন। তারপর ভারতের ঐতিহাসিক এক স্থানে অনুষ্ঠিত হবে বিয়ে। সব ঠিকঠাক থাকলে সেটা যোধপুরের তাজ উমায়েদ ভবন প্রাসাদে। বিশেষ দিন সামনে রেখে এই জুটি এসেছেন দিল্লীতে। বন্ধু ও স্বজনদের সঙ্গে থ্যাংকস গিভিং উদযাপন করেছেন এখানেই। দিল্লীতে নেমেই নিকের সঙ্গে মিষ্টি একটা সেলফি তুলেছেন প্রিয়াংকা। ক্যাপশন দিয়েছেন, ‘ওয়েলকাম হোম বেইবি!’