অভিযোগ উড়িয়ে দিলেন জন স্নো
চার মাসও পেরোয়নি বিয়ের; রোজ লেসলির সঙ্গে প্রেম ও প্রণয়ের পর সুখেই আছেন বলতে গেলে। এর মধ্যেই কিট হ্যারিংটনের বিরুদ্ধে এল এক ভয়ঙ্কর অভিযোগ!
এই ‘গেম অব থ্রোনস’ তারকার বিরুদ্ধে প্রতারণা ও পরকীয়ার অভিযোগ আনলেন এক রুশ মডেল। তিনি নাকি বিয়ের আগে ও পরে গোপন সম্পর্কে জড়িত ছিলেন তার সঙ্গে।
ওলগা ভ্লাসলোভা নামে এই মডেল তার অভিযোগের পক্ষে কিটের কিছু নগ্ন ছবি প্রকাশ করেছেন। তার দাবি, এই ছবিগুলো দুজনের এক মাসের সম্পর্কের সময় তোলা।
সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, ভ্লাসলোভা দাবি করেছেন লুক্সেমবার্গে এক অনুষ্ঠানে দুজনের দেখা হয়। আর তারপর তারা গোপন সম্পর্কে জড়ান। এমনকি লেসলির সঙ্গে হ্যারিংটনের বাগদান এবং এই জুনে বিয়ের পর হ্যারিংটন তার সাথে বিছানায় গেছেন।
এই অভিযোগের জোর প্রতিবাদ এসেছে কিট হ্যারিংটনের তরফে। প্রকাশিত সংবাদের প্রতিবাদে এক বিবৃতি দিয়েছেন তিনি প্রতিনিধি মারফত, যিনি বলেছেন, “এটা একটা ডাঁহা মিথ্যা অভিযোগ। হ্যারিংটন জীবনেও লুক্সেমবার্গ যাননি, ওলগা ভ্লাসলোভা নামে কারও সঙ্গে দেখা করা দূরে থাক, পরিচয়ও হয়নি তার।”
৩১ বছর বয়সী কিট ও রোজের সাক্ষাত ‘গেম অব থ্রোনস’ সেটে। পরিচয়ের কিছুদিনের মাথায় রোমান্টিক সম্পর্কে জড়ান দুজন। টানা ছয় বছর রোমান্সে মগ্ন থাকলেও ২০১৬ সালের আগে তা প্রকাশ করেননি কেউই।
২০১৭ সালের সেপ্টেম্বরে রোজকে বাগদানের আংটি পরান কিট। এ বছর জুনে দুজন দুজনকে বললেন ‘আই ডু’। স্ত্রীর প্রতি তার অনুরাগ কখনও লুকাননি কিট।
‘আউটস্ট্যান্ডিং ড্রামা সিরিজ’-এর পুরষ্কার জেতা ‘গেম অব থ্রোনস’ প্রসঙ্গে বলতে গিয়ে তুলে এনেছেন নিজের দাম্পত্যের সঙ্গে এর মেলবন্ধন, “আমার স্ত্রীর সঙ্গে পরিচয় এই শোয়ে। একদিক থেকে বলতে গেলে এর মাধ্যমেই আমি আমার ভবিষ্যত পরিবার এবং আগামী জীবনের নির্দেশনা পেয়েছি। আমার সবচেয়ে বড় উপকার হয়েছে এটাই।’
সেই সঙ্গে যোগ করেছেন, “যদি আপনি কারও প্রতি অনুরক্ত হন আর তারপর তাকে আপনার ভালোবাসার কথা অভিনয়ে জানাতে হয়, তখন প্রেমে পড়াটা সহজ হয়ে যায়।”
