চীনে শো বাতিল করেছে ‘ডলশে অ্যান্ড গাবানা‘
বিতর্ক পিছু ছাড়ছে না স্তেফানো গাবানার। এবার চীনাদের চপস্টিক নিয়ে মজা করতে গিয়ে ফেঁসে গেছেন ইতালিয়ান এই ফ্যাশন ডিজাইনার।
সোশ্যাল মিডিয়ায় তার এই উক্তিকে চিহ্নিত করা হয়েছে বর্ণবাদী বলে। আর তাই চীনে তার ব্র্যান্ড ‘ডলশে অ্যান্ড গাবানা’র নির্ধারিত ফ্যাশন শোটি বাতিল করা হয়েছে।
বুধবার সাংহাইতে অনুষ্ঠেয় ‘ট্রিবিউট টু চায়না’ শিরোনামের শোটি আয়োজনের মাত্র ঘণ্টা কয়েক আগে বাতিলের এই ঘোষণা আসে।
এমনিতেই মুখ পাতলা বলে কুখ্যাত গাবানা। গত জুনেই সেলিব্রিটি গায়িকা-অভিনেত্রী সেলেনা গোমেজকে ‘কুৎসিত’ বলে টুইট করে নিন্দিত হয়েছিলেন। এবারের ঘটনায় কোনো ব্যক্তি নয় একটি জাতিই তার আক্রমণের শিকার!
সংবাদসংস্থা সিএনএন জানিয়েছে, ‘ট্রিবিউট টু চায়না’ সামনে রেখে ‘ডলশে অ্যান্ড গাবানা’ তাদের ওয়েবসাইট ও সোশাল মিডিয়ার পেইজে তিনটি ভিডিওর সিরিজ প্রকাশ করে।
‘ইটিং উইদ চপস্টিকস’ শিরোনামের ওই ভিডিওগুলাতে একজন মডেলকে চপস্টিক দিয়ে স্প্যাগেটি ও পিজাসহ বিভিন্ন ইতালিয়ান খাবার কিভাবে খেতে হবে তার বর্ণনা দিতে দেখা যায়। ভিডিও নেপথ্যে একজন ভাষ্যকার চীনা ভাষায় বিভিন্ন নির্দেশনার ব্যাখ্যা দেন, যেমন ‘চপস্টিককে ছুরি হিসেবে ব্যবহার করবেন না’।
সিএনএন জানিয়েছে, ব্র্যান্ডের ওয়েবসাইট থেকে ভিডিওগুলো প্রত্যাহার করা হলেও তা তাদের ফেসবুক, টুইটার ও অন্যান্য সোশাল মিডিয়া একাউন্টে রয়ে গেছে।
প্রকাশের পর থেকেই সোশাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। চীনাদের সংস্কৃতিকে ব্যঙ্গ করা হয়েছে বলে নিন্দায় মাতেন ব্যবহারকারীরা। পেইজগুলাতে মন্তব্যকারীদের একজন লিখেন ‘শেইম অন দিস ব্র্যান্ড’!
এই আগুনে ঘি ঢালেন গাবানা তার গা জ্বলানো বয়ানে। ফ্যাশন শোটি আয়োজনের ঘণ্টা কয়েক আগে ইনস্টাগ্রামে ভিডিওগুলোর পক্ষ নিয়ে তিনি লেখেন, “চীন হচ্ছে ফালতু দুর্গন্ধময় মাফিয়া!”
আরেকটি মেসেজে লেখেন, “এখন থেকে যে কোনো আন্তর্জাতিক সাক্ষাতকারে আমি বলব চীন হচ্ছে (মলের ইমোজি) দেশ!”
আর তার খানিক পরই ঘোষণা আসে শোটি বাতিল করেছে ‘ডলশে অ্যান্ড গাবানা’।
