২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তি মজুমদারের স্মরণে ‘আমি তোমাদেরই লোক’

রবীন্দ্রসংগীত শিল্পী মুক্তি মজুমদারের প্রয়াণ দিবসে ‘আমি তোমাদেরই লোক’ শিরোনামে এক স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় শনিবার।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2018, 11:44 PM

Updated : 08 Apr 2022, 07:18 PM

সঙ্গীতের এই শিক্ষকের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি, মোমবাতি প্রজ্বলন এবং ‘আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে’ সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। 

অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন অধ্যাপক মেজবাহ কামাল, অধ্যাপক রবিউল ইসলাম, যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব রুদ্র, সাংবাদিক রাহুল রাহা, অধ্যাপক রবিউল ইসলাম, বহ্নিশিখা জামালী ও জ্যোতি চট্টোপাধ্যায়। 

সংগীত পরিবেশন করেন কৃষ্ণ সেন, অদিতি সেন, অনিকেত আচার্য্য, বর্ষা রাহা, আনন্দময়ী মজুমদার, নিহার হাওলাদার, কাজী শিলা, বাবু সরকার, পূণ্যচন্দ্র মণ্ডল, মুসা কলিম প্রমুখ। আবৃত্তি করেন সাজেদুর রহমান সজল, আতিকুজ্জামান মির্জা, মঞ্জুরুল আলম পান্না ও সাগর সেন।

মুক্তি মজুমদার খুলনার সাংস্কৃতিক অঙ্গনে রবীন্দ্রনাথের ‘মানসকন্যা’ বলে পরিচিত। প্রচারবিমুখ, নিভৃতচারী থেকেও সবার কাছের মানুষ হয়ে উঠেছিলেন তিনি। 

রবীন্দ্রনাথের সৃষ্টিকর্মের বাণিজ্যিক ব্যাবহারের বিপরীতে মননশীল প্রয়োগের জন্য আজীবন কাজ করেছেন তিনি।

১৯৩৮ সালের ২৮ নভেম্বর খুলনার মহেশ্বরপাশায় জন্মগ্রহণ করেন মুক্তি মজুমদার। ১৯৫৯ সালে ম্যাট্রিক পাশ করেন ও ১৯৬৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে এম এ করেন। তার বাবা সুবোধচন্দ্র মজুমদার ছিলেন একজন আইনবিদ। সুবোধচন্দ্র একাধারে বেহালা, সেতার, বীণা, পাখোয়াজ, তবলা, হারমোনিয়াম, বাঁশি, এস্রাজ বাজাতেন। কলকাতার সংগীত একাডেমিতে গিয়ে তালিম নিয়েছিলেন। সেই সব শিখেছিলেন তার ছেলেমেয়েরা। বাবার কাছেই মননশীল শিক্ষা পেয়েছিলেন দর্শনের অধ্যাপক মুক্তি মজুমদার।