২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৬ নভেম্বর বড়পর্দায় আসছে ‘লিডার’

মুক্তি পেতে যাচ্ছে দিলশাদুল হক শিমুল নির্মিত চিত্রনায়িকা মৌসুমী অভিনীত চলচ্চিত্র ‘লিডার’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2018, 05:50 PM

Updated : 08 Apr 2022, 07:16 PM

চিত্রনায়িকা মৌসুমী হাত নাড়ছেন জনগনের উদ্দেশে এমন একটি ছবি সম্প্রতি চোখে পড়ছে অনেকেরই। ‘লিডার’ চলচ্চিত্রে এমন দৃশ্যেই দেখা গেছে চিত্রনায়িকা মৌসুমীকে। ২০১৬-র ১ ফেব্রুয়ারি থেকে চিত্রধারণের কাজ শুরু হয় এ সিনেমাটির। যথাযথ নির্মাণের পর অবশেষে মুক্তির আলোয় আসছে চলচ্চিত্রটি।

নির্মাতা জানান, আগামী ১৬ নভেম্বর দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে মৌসুমী অভিনীত রাজনৈতিক চলচ্চিত্রটি।  এতে মৌসুমীর বিপরীতে অভিনয় করেছেন ফেরদৌস।

সমকালীন রাজনীতিভিত্তিক চলচ্চিত্রটি প্রসঙ্গে নির্মাতা গ্লিটজকে বলেন, “আমাদের দেশের মানুষ রাজনৈতিক সচেতন। রাস্তার পাশের চায়ের দোকান থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সবাই রাজনীতির উচিৎ-অনুচিৎ নিয়ে কথা বলে। টিভির সব অনুষ্ঠান দর্শক না পেলেও রাজনৈতিক টকশো রাত জেগে দেখে দর্শক। আমাদের চলচ্চিত্রে যতবার রাজনীতি এসেছে ততবার দর্শক সাড়া দিয়েছে। আশা করছি  ‘লিডার’ দর্শক সানন্দে গ্রহণ করবেন।”

চলচ্চিত্রটিতে মৌসুমী-ফেরদৌস ছাড়াও অভিনয় করেছেন আহমেদ শরীফ, শহীদুল আলম সাচ্চু, মতিন রহমানসহ জনপ্রিয় অভিনেতাদের অনেকেই।