ফকির সাহাবুদ্দিন-প্রীতম হাসানের ‘৭০০ টাকার গান’
ফকির সাহাবুদ্দিন ও প্রীতম হাসানের দ্বৈত কণ্ঠে ‘৭০০ টাকার গান’ প্রকাশিত হল ইউটিউবে।
কিছুদিন আগে ‘৭০০ টাকা’ শিরোনামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন হুমায়ূন আহমেদের ছেলে নুহাশ হুমায়ূন। সেখানে অভিনয় করেন গায়ক প্রীতম হাসান ও অভিনেত্রী সাবিলা নূর।
১৫ মিনিটের সেই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের গল্প অবলম্বনেই তৈরি হয়েছে ‘৭০০ টাকার গান’। তবে গানটি চলচ্চিত্রে ব্যবহার করা হয়নি। গানটি ভিডিও আকারে প্রকাশ করেছে গানচিল মিউজিক।
গানটিতে ফকির সাহাবুদ্দিনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন চলচ্চিত্রটির অভিনেতা প্রীতম হাসান। সুর-সংগীতও তার। কথা লিখেছেন লুৎফর হাসান।
এ প্রসঙ্গে প্রীতম বলেন, “গল্পটা অনেক মজার। একটা ছেলে মাস শেষে বেতন না পেয়ে পকেটে থাকা ৭০০টাকা নিয়েই প্রমিকার সঙ্গে বের হয়। এর মধ্যে ঘটতে থাকে মজার সব ঘটনা। আলাদা করে ভিডিওসহ গানটি প্রকাশ হয়েছে বলে খুব ভালো লাগছে।”
প্রীতম জানান, ধানমণ্ডি ও বনানীতে দুই দিন এই মিউজিক ভিডিওর শুটিং হয়েছিল। নুহাশ এবং সাবিলা নূরও গানটির ভিডিও নিয়ে আশাবাদী।
