অন্তর্জালে আরমান আলিফের নতুন গান ‘সর্বনাশ’
নিজের চেনা সুরের বলয় থেকে বেরিয়ে এলেন আরমান আলিফ। প্রথম গানেই ইউটিউব র্যাংকিয়ে বিশ্বমাত করে আলোচনায় আসা এ শিল্পী এবার গাইলেন অন্যের কথা ও সুরে।
ইউটিউব মাতানো জনপ্রিয় শিল্পী আরমান আলিফ প্রকাশ করলেন তার নতুন গান ‘সর্বনাশ’। মঙ্গলবার দুপুর ৩টায় প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশিত হলো তার নতুন গানটি। গানটির কথা লিখেছেন মেহেদী হাসান লিমন আর সুর ও সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত।
ভিন্ন গীতিকার ও সুরকার হওয়ায় এবারের গানে নতুন আরমান আলিফকে খুঁজে পাওয়া যাবে বলে জানিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র কর্ণধার এসকে সাহেদ আলী পাপ্পু।
এদিকে ‘সর্বনাশ’ গানটির গল্পনির্ভর ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা।
গানটি প্রসঙ্গে আরমান আলিফ বলেন, “এ পর্যায়ে এসে আমাকে একটু হিসেব করে গান করতে হচ্ছে। শ্রোতা-দর্শকদের বৈচিত্র দেওয়ার বিষয়টি ভাবতে হচ্ছে। আমি তো মনে করি এবারের গানটি পুরনো সব গান থেকে বেশ আলাদা। নতুন আরমানকে খুঁজে পাবেন শ্রোতারা। আর ভিডিওটির গল্পেও রয়েছে দারুণ একটা বার্তা। সেটি হলো, সন্দেহ ডেকে আনে সর্বনাশ। যে সন্দেহ একটা সম্পর্ক যেমন নষ্ট করে তেমন একটা মানুষের জীবনও শেষ করে দিতে পারে। ফলে সহজেই কাউকে সন্দেহ করা ঠিক নয়।”
গানটির মিউজিক ভিডিওতে আরমান আলিফের পাশাপাশি মডেল হয়েছেন অভি প্রামাণিক ও আদিভা ইভা।
