বড়পর্দায় অধরা’র ‘দুই’ ভাগ্য
ঢালিউডের দুই জনপ্রিয় নায়ক বাপ্পি ও সাইমনের বিপরীতে বড়পর্দায় আগামী ১২ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে চিত্রনায়িকা অধরা খানের দুটি চলচ্চিত্র।
ঢাকাই চলচ্চিত্রে নেমেই দুই সংখ্যাটি যেন অধরার জন্য সৌভাগ্যের বাহন হিসেবেই ধরা দিচ্ছে। ২০১৬ সালে পরপর শাহিন সুমন পরিচালিত দুটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় আসেন অধরা। পরের বছরই ইস্পাহানী আরিফ জাহানের দু’টি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হন এ নায়িকা।
এবার একইসঙ্গে দু’টি চলচ্চিত্র মুক্তির মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটতে যাচ্ছে এ নায়িকার। চলচ্চিত্র দুটি হলো- ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত ‘নায়ক’ ও শাহিন সুমন পরিচালিত ‘মাতাল’। ঢাকাই চলচ্চিত্রে শাকিব খান ছাড়া বাকি যে দু’জন নায়কের উপর নির্মাতা ও প্রযোজকরা বাজি রেখে চলেছেন তারা হলেন চিত্রনায়ক বাপ্পি ও সাইমন। অধরা আসছেন এ দুই নায়কের কাঁধে চড়ে।
অধরা বললেন, “একসঙ্গে দু’টি চলচ্চিত্র মুক্তি পেতে যাচ্ছে এটা খুব আনন্দের। কিন্তু আমি কিছুটা নার্ভাসও। প্রথম দুই ছবিতে বাপ্পি ও সাইমনকে পাওয়াও বেশ ভালো লাগার মতো ব্যাপার। তারা দু’জনই খুব চমৎকার বন্ধুসুলভ ও আন্তরিক ছিলেন। দু’টি ছবি দুইরকম স্বাদের। আশা করছি দর্শক ছবিগুলো উপভোগ করবেন।”
অধরা জানান, ইস্পাহানী আরিফ জাহান পরিচালিত ‘নায়ক’ চলচ্চিত্রের মুক্তির তারিখ আগে থেকে ঠিক করা থাকলেও চলতি সপ্তাহেই শাহিন সুমন পরিচালিত ‘মাতাল’ চলচ্চিত্রটি মুক্তির সিদ্ধান্ত হয়।
অধরা খান অভিনীত প্রথম ছবি শাহিন সুমন পরিচালিত ‘পাগলের মতো ভালোবাসি’ এখনও রয়েছে মুক্তির অপেক্ষায়। অন্যদিকে, ইস্পাহানী আরিফ জাহানের পরিচালনায় ‘ড্রিমগার্ল’ চলচ্চিত্রের শুটিং শুরু হতে যাচ্ছে শিগগিরই।
