হাতিরঝিলে জলনৃত্যের সঙ্গে পূজার ‘ওয়াটারনেস’
রাজধানীর হাতিরঝিলের এম্ফিথিয়েটারে তুরঙ্গমী রেপার্টরি ড্যান্স থিয়েটার নিয়ে আসছে নৃত্যপ্রযোজনা ‘ওয়াটারনেস’।
হাতিরঝিলের জলের ফোয়ারায় নয়নাভিরাম ‘ওয়াটারড্যান্স’ ইতিমধ্যে নগরবাসীর প্রিয় একটি বিনোদন উৎস হয়ে উঠেছে। শুক্রবার সন্ধ্যায় সেই জলের তালে নাচবেন নৃত্যশিল্পী পূজা সেনগুপ্ত ও তার সহশিল্পীরা।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের ছায়া অবলম্বনে জল ও নারীর সম্পর্ক নিয়ে তৈরি ৪৫ মিনিটের প্রযোজনা ‘ওয়াটারনেস’ এর পাণ্ডুলিপি লিখেছেন ধীমান ভট্টাচার্য। সঙ্গীত পরিচালনায় আছেন সুমন সরকার। মূল ভাবনা, নকশা, নৃত্য পরিচালনা ও নির্দেশনায় পূজা সেনগুপ্ত।
নৃত্য ও অভিনয়ে অংশ নিয়েছেন পূজা সেনগুপ্ত, আতিক রহমান, আবু নাঈম, ইয়াসনা রহমান, শ্রেয়সী ত্রয়ী, সুস্মিতা লোপা, জয়তী রায়, মো. ফরহাদ আহমেদ। আলোক প্রক্ষেপণে হেন্ড্রী সেন।
‘ওয়াটারনেস’ প্রথম মঞ্চে আসে ২০১৫ সালে । এরই মধ্যে বিদেশের মঞ্চেও এর পরিবেশনা হয়েছে।
তুরঙ্গমীর শিল্প নির্দেশক পূজা সেনগুপ্ত বলেন, তাদের এই নৃত্যপ্রযোজনার জন্য হাতিরঝিল কর্তৃপক্ষ তাদের নিয়মিত আয়োজন ‘ওয়াটারড্যান্স’-এর বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে শুক্রবার।
“হাতিরঝিলের মুক্তমঞ্চে এটাই আমাদের প্রথম কোনো প্রযোজনার মঞ্চায়ন। কিছু দিন আগে একটি সংবাদ প্রকাশ হয় যে- ঢাকা বসবাসের অযোগ্য একটি শহর। আমরা এটাকে মিথ্যা প্রমাণ করতে চাই। ঢাকা হবে সংস্কৃতির শহর।”
এই নৃত্যশিল্পী বলেন, “আমরা বদলালেই বদলে যাবে ঢাকা। দেশ বিদেশ থেকে একদিন মানুষ এখানে অনুষ্ঠান দেখতে আসবে। আমরা আমাদের দিক থেকে উদ্যোগ নিয়েছি। আমি জানি, পুরো ঢাকাবাসি আমাদের সাথে থাকবে। আমরা সবাই মিলে নতুন একটা ঢাকা দেখব।”
মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট, ভিয়েতনামের রাষ্ট্রদূত ট্রান ভান খোয়া ও ফিলিপাইনের রাষ্ট্রদূত ভিনসেন্ট ভিভেনসিও ব্যান্ডিলোসহ অনেকই এ নৃত্যায়োজন উপভোগ করতে উপস্থিত থাকবেন হাতিরঝিলের এম্ফিথিয়েটারে।
