যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের আগেই জনি ইংলিশ বাংলাদেশে
তুমুল জনপ্রিয় কমেডি চরিত্র মিস্টার বিনের স্রষ্টা রোয়ান অ্যাটকিনসন তার নতুন সিমেনা ‘জনি ইংলিশ স্ট্রাইকস এগেইন’ নিয়ে যুক্তরাজ্য ও যুক্তরাস্ট্রের আগেই হাজির হলেন বাংলাদেশে।
ঢাকার স্টার সিনেপ্লেক্সে শুক্রবার মুক্তি পেয়েছে চলচ্চিত্রটি। যুক্তরাজ্যে ৫ অক্টোবর এবং যুক্তরাষ্ট্রে ২৬ অক্টোবর ‘জনি ইংলিশ স্ট্রাইকস এগেইন’ মুক্তি পাওয়ার কথা রয়েছে।
ডেভিড কের পরিচালনায় কমেডি থ্রিলার সিরিজ জনি ইংলিশের এই তৃতীয় সিনেমায় রোয়ান অ্যাটকিনসন হাজির হয়েছেন আগের মতই দুধর্ষ ব্রিটিশ এক স্পাইয়ের ভূমিকায়, যার প্রতিটি কর্মকাণ্ড দর্শকদের যোগায় হাসির খোরাক।
এ সিনেমায় অ্যাটকিনসনের সঙ্গে আছেন ওলগা কুরিলেঙ্কো, বেন মিলার, এমা থমসনসহ আরও অনেকে।
একটি সাইবার হামলায় যুক্তরাজ্যের সব স্পাইয়ের পরিচয় ফাঁস হয়ে গেলে অবসর থেকে ডাক পড়ে এমআই-সেভেনটিনের সাবেক এজেন্ট জনি ইংলিশের।
ট্রেইলারে দেখা যায়, অ্যাটকিনসন রাস্তা খালি করছেন গাড়ি থেকে মিসাইল ছুড়ে। ফরাসি রেস্তোরাঁয় আগুন লাগিয়ে দিচ্ছেন। তার চারপাশের সবকিছু ওলট-পালট হয়ে যাচ্ছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী এমা থমসন তাকে বলছেন- দেশজুড়ে চরম বিশৃঙ্খল অবস্থা, কিন্তু জনি ইংলিশ নির্বিকার।
২০০৩ সালে মুক্তি পেয়েছিল এই সিরিজের প্রথম সিনেমা ‘জনি ইংলিশ’ নামেই। ব্যবসাসফল সেই স্পাই কমেডির ধারাবাহিকতায় আসে ‘জনি ইংলিশ রিবর্ন’। দ্বিতীয় সিনেমাও বক্স অফিসে সুপারহিট হয়।
