লতা মঙ্গেশকরের গানে সংগীত সন্ধ্যা
২৮ সেপ্টেম্বর ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের ৮৯তম জন্মদিন। দিনটি উপলক্ষে ‘লতা মঙ্গেশকর জন্মদিন উৎসব’ শিরোনামে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠন ‘শুদ্ধমঞ্চ’।
গানে গানে শ্রদ্ধা জানানো হবে উপহমাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী লতা মঙ্গেশকরকে। রাজধানীর আগারগাঁওয়ের কুশলী ভবনে সন্ধ্যা ৭ টায় এ শিল্পীর গাওয়া অবিস্বরণীয় গান নিয়ে অনুষ্ঠিত হবে একক সঙ্গীত সন্ধ্যা। এতে গান গাইবেন কণ্ঠশিল্পী ও ছায়ানটের শিক্ষক আফসানা রুনা।
বিশেষ এই আয়োজন নিয়ে সংগঠনের সভাপতি বিশিষ্ট কণ্ঠশিল্পী ফাতেমা তুজ জোহরা বলেন, “উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের গান আমাদের মুগ্ধ করে। তাকে শ্রদ্ধা জানাতে আমাদের এই প্রয়াস। জন্মদিনে এই শিল্পীর জনপ্রিয় গানগুলো তার ভক্ত ও গানপাগল শ্রোতাদের সামনে তুলে ধরতেই এই আয়োজন।’
তিনি জানান, ৮০ দশকে ‘শুদ্ধ সংস্কৃতি চর্চা কেন্দ্র’ নামে একটি জনপ্রিয় সংগঠন ছিল। সে সময়ের উদ্যোক্তাদের কজন ও এ প্রজন্মের শিল্পী ও সংস্কৃতিমনা সদস্যদের নিয়ে নতুন করে সংগঠিত হয়েছে ‘শুদ্ধমঞ্চ’। প্রতি মাসে একটি করে নিয়মিত অনুষ্ঠান করে আসছে সংগঠনটি।
অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন সংগঠনের মহাসচিব ও বিশিষ্ট উপস্থাপক মসিউদ্দিন খান সমীর।
লতা মঙ্গেশকর জন্ম ১৯২৯সালের ২৮ সেপ্টেম্বর। তিনি এক হাজারেরও বেশি ভারতীয় ছবিতে গান করেছেন। এছাড়া ভারতের ২০টি অঞ্চলিক ভাষাতেও গান গাওয়ার একমাত্র রেকর্ডটি তারই। বাংলাতেও তিনি অনেক গান করেছেন। ভারতের সর্বোচ্চ সম্মান ভারত রত্ন পাওয়া তিনিই দ্বিতীয় সঙ্গীতশিল্পী।
