ঢাকার চলচ্চিত্রে কলকাতার ইন্দ্রনীল
‘নন্দিনী’ নামে ঢাকার একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হলেন কলকাতার অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত।
রোববার এ তথ্য জানিয়েছেন ছবিটির নির্মাতা সোয়াইবুর রহমান রাসেল। এটিই এ নির্মাতার প্রথম চলচ্চিত্র।
বাংলাদেশি লেখক পরিতোষ বাড়ৈর ‘নরক নন্দিনী’ উপন্যাস অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে ‘নন্দিনী’। এর গল্প ও সংলাপ লিখেছেন লেখক নিজেই। আর চিত্রনাট্য লিখেছেন তামজীদ রহমান। ছবিটি প্রযোজনা করছে নয়নতারা লিমিটেড।
একটা মেয়ের সংগ্রামী জীবনের গল্প দেখা যাবে এ চলচ্চিত্রে। নির্মাতা সোয়াইবুর রহমান রাসেল বলেন, “বাংলাদেশ অনেক গুণী অভিনেতা আছেন, কিন্তু উপন্যাসটা পড়ার পর আমি দেশে কাউকে পাইনি যাকে চরিত্রটিতে মানাবে। তখন অনেক ভাবনা-চিন্তার পর মাথায় আসল আমরা চরিত্রটির জন্য ইন্দ্রনীলকে নিতে পারি।”
‘চোরাবালি’ চলচ্চিত্রের মধ্য দিয়ে ঢাকার চলচ্চিত্রে অভিষেক হয় ইন্দ্রনীলের।
তিনি বলেন, “সিনেমার চিত্রনাট্য ও বাকি সবই আমার পছন্দ হয়েছে। এমন চরিত্রে আমি এর আগে কখনই অভিনয় করিনি। এ ছাড়া সমাজের এমন নির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কের পটভূমিতে নির্মিত সিনেমায় আমি আগে কাজ করিনি। সেই সঙ্গে এটি একটি ভিন্ন রকমের ভালোবাসার গল্প।”
‘নন্দিনী’ ছবির পুরো অংশের শুটিং হবে বাংলাদেশে। ভালো দিনক্ষণ দেখে ছবিটি মুক্তি দেওয়া হবে বলে জানান নির্মাতা।
এতে ইন্দ্রনীল সেনগুপ্ত ছাড়াও নাজিরা মৌ, ফজলুর রহমান বাবু, ইরেশ জাকের, মুনিরা ইউসুফ মেমী, জয়শ্রী কর জয়া, ইলোরা গহরসহ আরও অনেকেরই অভিনয়ের কথা রয়েছে।
