যুক্তরাষ্ট্রের ৫ শহরে ‘স্বপ্নজাল’
যুক্তরাষ্ট্রের পাঁচ শহরে দেখানো হবে গিয়াস উদ্দিন সেলিমের চলচ্চিত্র ‘স্বপ্নজাল’। বাংলা চলচিত্রের বিশ্ব পরিবেশক বায়োস্কোপ ফিল্মস এ প্রদর্শনীর আয়োজন করেছে।
বায়োস্কোপ ফিল্মসের সিইও রাজ হামিদ জানান, ইয়াশ রোহান ও পরীমণি অভিনীত এ সিনেমা প্রদর্শিত হবে নিউ ইয়র্ক, ভার্জিনিয়া, ফ্লোরিডা, নর্থ ক্যারোলাইনা ও ডালাসে।
“আমেরিকার সিনেমা হলগুলো যেন আমাদের সিনেমা নিয়মিত দেখায়, সেজন্য আমরা দেশের ভালো সিনেমাগুলো সেখানে মুক্তি দেওয়ার চেষ্টা করছি। দর্শক যদি হলে গিয়ে সিনেমা দেখে, তাহলেই আমাদের চেষ্টা সার্থক হবে। বাংলা সিনেমা এবং সংস্কৃতি ছড়িয়ে পড়বে বিশ্বময়।”
রোববার বিকালে নিউ ইয়র্কের জ্যামাইকার সিনেপ্লেক্সে প্রদর্শিত হবে স্বপ্নজাল। নর্থ ক্যারলাইনার রোলি শহরের ওয়েদারস্পুন স্টুডেন্ট সেন্টারে সিনেমাটি দেখা যাবে ১৫ সেপ্টেম্বর বিকেলে।
আর ৩০ সেপ্টেম্বর দুপুরে ফ্লোরিডার অরল্যান্ডো শহরের সাউথচেইজ সিনেমা হলে এবং ৭ অক্টোবর দুপুরে ভার্জিনিয়ার ডি সি সিনেমা হলে ও ডালাসের ভেনিসিয়ান সিনেমা হলে দেখা যাবে স্বপ্নজাল।
রাজ হামিদ জানান, স্বপ্নজালের পর পোড়ামন-২ এবং মাটি চলচ্চিত্রও যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে দেখানোর আয়োজন করছেন তারা।
‘মনপুরা’ নির্মাণের নয় বছর পর গিয়াস উদ্দিন সেলিম নির্মাণ করেছেন ‘স্বপ্নজাল’। বেঙ্গল ক্রিয়েশনসের প্রযোজনায় চলতি বছর ৬ এপ্রিল বাংলাদেশে মুক্তি পায় এ সিনেমা।
স্বপ্নজালে আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শাহানা সুমী, শহিদুল আলম সাচ্চু, শিল্পী সরকার, ইরফান সেলিম, ফারহানা মিঠু, ইরেশ যাকের ও শাহেদ আলী।
