শিল্পকলায় থিয়েটারের ‘দ্রৌপদী পরম্পরা’
ফের মঞ্চে আসছে থিয়েটার নাট্যদলের দ্রৌপদী পরম্পরা।
দেশের ঐতিহ্যবাহী নাট্যদল থিয়েটারের (আরামবাগ) ৪০তম প্রযোজনা ‘দ্রৌপদী পরম্পরা’। আগামী ৯ সেপ্টেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল হলে পুনরায় মঞ্চস্থ হবে নাটকটি। থিয়েটারের এ ৪০ তম প্রযোজনার রচনা ও নির্দেশনা দিয়েছেন প্রবরী দত্ত।
‘দ্রৌপদী পরম্পরা’ নাটকে গল্প আবর্তিত হয়েছে মহাভারতের ছায়া অবলম্বনে। মহাভারতকে উপজীব্য করে দ্রৌপদী চরিত্রকে অবলম্বনের মাধ্যমে সমাজ, ধর্ম ও রাজনীতিকে বহুমাত্রিক রূপে মহাকাব্যিক ঢংয়ে দৃশ্যকাব্য নির্মাণের চেষ্টা করেছেন নাট্যকার ও নির্দেশক প্রবীর দত্ত।
নাটকটি সম্পর্কে নাট্যকার ও নির্দেশক প্রবীর দত্ত বলেন, মহাভারতের দ্রৌপদী চরিত্রটি আমাদের প্রায় সকলেরই পরিচিত। কিন্তু মহাভারতে দ্রৌপদী যে কথাগুলো বার বার বলতে চেয়েও বলতে পারেনি বর্তমানে যদি দ্রৌপদী সেই না বলা কথাগুলো বলতে চায়। অপ্রিয় হলেও এ নাটকের মাধ্যমে দ্রৌপদী সেই অপ্রিয় সত্য কথাগুলোই এ নাটকে বলে।
মহাভারতের সময়ে ঘটনায় তাকে যেভাবে নিগৃহীত হতে হয়েছে সেই চিত্র উন্মোচনের মাধ্যমে অব্যক্ত ও অপ্রিয় সত্য কথাগুলোই নাটকে ওঠে আসে। নাট্যকার নাটকে মহাভারতের আলোকেই দ্রৌপদীর প্রাণ প্রতিষ্ঠা করেছেন। তবে নাটকের আখ্যানটি মহাভারত থেকে বর্তমান পর্যন্ত বিস্তৃত হয়েছে।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন তাহমিনা আক্তার, আকেফা আলম, ইউশা আনতারা প্রপা, রফিকুল ইসলাম, তৌহিদুল ইসলাম বাদল, শাহরিয়ার ইসলাম, জাহাঙ্গীর কবির, শংকর চন্দ্র সরকার, লেনিন ফিরোজী, রাব্বানী এবং প্রবীর দত্ত।
নাটকটির মঞ্চ পরিকল্পনা করেছেন রফিক উল্যাহ, পোশাক পরিকল্পক ড. আইরিন পারভীন লোপা, সঙ্গীত পরিকল্পনায় শিশির রহমান, আলোক পরিকল্পক শামীমুর রহমান এবং পোস্টার ডিজাইনার শিল্পী সৈয়দ ইকবাল।
