শিল্পকলায় ইঙ্গার বার্গম্যানের চলচ্চিত্র বিষয়ক কর্মশালা
চলচ্চিত্রকার ইঙ্গমার বার্গম্যানের চলচ্চিত্রের পাঠ ও বিশ্লেষণ বিষয়ক কর্মশালা আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি।
চলচ্চিত্র নির্মাণযাত্রার ৫৯ বছরের পথচলায় ইঙ্গমার বার্গম্যান লিখেছেন এবং নির্মাণ করেছেন প্রায় ৬০টি চলচ্চিত্র। সুইডিশ চলচ্চিত্রকার হিসেবে বিশ্বে তাঁর পরিচিতি শুরু হলেও ক্রমেই তিনি বিশ্বচলচ্চিত্রের অন্যতম প্রভাব বিস্তারকারী চলচ্চিত্রকার হিসেবে সংবর্ধিত হয়েছেন।
বিশ্বচলচ্চিত্রের অন্যতম মাস্টার ফিল্মমেকার ইঙ্গমার বার্গম্যান প্রয়াত হয়েছেন ২০০৭ সালের ৩০ জুলাই। ১৪ জুলাই ১৯১৮ সালে তিনি সুইডেনে জন্মগ্রহণ করেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি যৌথভাবে তাঁর জন্মের একশত বছর পূর্তি উদযাপনের এই বছরে ‘বার্গম্যানপাঠ’ বিষয় চলচ্চিত্র কর্মশালার আয়োজন করেছে।
কর্মশালা সমন্বয়ক বেলায়াত হোসেন মামুন বলেন, “ইঙ্গমার বার্গম্যানের চলচ্চিত্র নিয়ে বছরব্যাপি আয়োজন সম্ভব। হয়ত তবুও তা যথেষ্ট নয়। বাংলাদেশ থেকে আমরা ইঙ্গমার বার্গম্যানের চলচ্চিত্র পঠন-পাঠনের তাগিদ অনুভব করি। আর সে কারণেই তাঁর জন্মশতবর্ষের বছরে তাঁকে নিয়ে ‘বার্গম্যানপাঠ’ শীর্ষক চলচ্চিত্র পাঠ ও বিশ্লেষণের কর্মশালার আয়োজন করা হয়েছে।”
আগামী ২১ ও ২২ সেপ্টেম্বর দু’দিনব্যাপী এ কর্মশালা পরিচালনা করবেন, চলচ্চিত্র সমালোচক ও লেখক মাহমুদুল হোসেন। সীমিত আসনে নিবন্ধনের শেষ তারিখ ১৮ সেপ্টেম্বর।
কর্মশালায় নিবন্ধনের জন্য যোগাযোগ করতে চাইলে প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৮টার মধ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা ভবনের ৭ম তলায় ৭০১ নম্বর কক্ষে এক কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সনদের ফটোকপি এবং কর্মশালার ফি দিয়ে নিবন্ধন চূড়ান্ত করা যাবে।
