আসছে শিশুদের গানের রিয়েলিটি শো ‘গানের রাজা’
শুরু হচ্ছে শিশুদের নিয়ে গানের রিয়েলিটি শো ‘গানের রাজা’। বেসরকারি টেলিভিশন চ্যানেল আই-এর উদ্যোগে এ রিয়েলিটি শো যাত্রা শুরু হচ্ছে আসছে অক্টোবর থেকেই। সোমবার রাজধানীর গুলশান ক্লাবে এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
৬-১৩ বছরের শিশুদের রিয়েলিটি শো গানের রাজা। আসছে অক্টোবর থেকেই ঢাকা সহ দেশের ৭ টি বিভাগে শুরু হতে যাচ্ছে এর অডিশন রাউন্ড। সমগ্র বাংলাদেশ খুঁজে নানান পর্যায়ের গ্রুমিং এবং তালিমের প্রক্রিয়ায় ৪০ টি পর্বের পর গ্র্যান্ড ফিনালের মাধ্যমে নির্বাচিত হবে ‘শিশু গানের রাজা’।
সোমবার রিয়েলিটি শো’টির উদ্বোধনী অনুষ্ঠানে এমনটাই জানালেন চ্যানেল আই’র ব্যাবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।
তিনি বলেন, “প্রতিযোগী শিশুরা পার্কে খেলবে, দোলনাতে চড়বে, খেলতে খেলতে গাইবে, বিচারকরা ওদের খেলতে খেলতে শেখাবে। আর ওরা মজা করে সমগ্র বাংলাদেশকে গান শোনাবে চ্যানেল আই এর মাধ্যমে, এই রিয়েলিটি শো এর মাধ্যমে। এর যাত্রা হোক শুভ, হোক এই দেশের মাটির জন্য এক নতুন সূচনা। এই আশা আমাদের, গোটা দেশের। বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলুক বাংলাদেশের তারুণ্য, বাংলাদেশের সংগীতাঙ্গন।”
তিনি জানান, শিশুদের সাথে সার্বক্ষণিক কোমলমতি আচরণ ও দিক নির্দেশনার মাধ্যমে অনুষ্ঠানের বিচারকের দায়িত্ব পালন করবেন সংগীতবিজ্ঞ ২ জন বিচারক। অনুষ্ঠানের উপস্থাপক ও প্রতিযোগীদের সম্পর্ক হবে খুবই কাছের বন্ধু, প্রিয় মানুষ, আপন মানুষের মতো করেই।
পুরো অনুষ্ঠানটি পরিচালনা করবেন শহীদুল আলম সাচ্চু। রিয়েলিটি শো’র নিবন্ধনের বিস্তারিত নিয়মাবলী খুব শীঘ্রই চ্যানেল আই সহ দেশের অন্যান্য মিডিয়ায় জানানো হবে বলে জানিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ।
গুলশান ক্লাবে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফরিদুর রেজা সাগর, পৃষ্ঠপোষক ব্র্যান্ড এসিআই কনজুমার ব্র্যান্ডস এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলমগীর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অপু মাহফুজ।
