২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তপন চৌধুরীর নতুন দুই গান

বাংলাঢোলের ব্যানারে নতুন দুই গান নিয়ে এলেন তপন চৌধুরী। ঈদ উৎসবকে কেন্দ্র করে গানগুলো প্রকাশ করেছে বাংলাঢোল।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2018, 08:59 PM

Updated : 19 Aug 2022, 02:31 PM

দ্বৈত গানেই মনোযোগি হয়েছেন তপন চৌধুরী। গাইছেন তরুণ শিল্পীদের সঙ্গে। বাংলাঢোলের আয়োজনে দ্বৈত কণ্ঠের দুই গানে তার সঙ্গী হয়েছেন এ সময়ের দু’জন গায়িকা হৈমন্তী ও নন্দিতা।

‘এই মিষ্টি হাওয়ার রাতে’ শিরোনামের গানটি লিখেছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এতে তপন চৌধুরীর সঙ্গে গেয়েছেন নন্দিতা। অন্য গান ‘আঁড়াল হলেই তুমি’ লিখেছেন সাখাওয়াত হোসেন মারুফ। এতে তপন চৌধুরীর সহশিল্পী হৈমন্তী। দুটি গানের সুর-সংগীত করেছেনে উজ্জল সিনহা।

 

তপন চৌধুরী এখন কানাডায়। নতুন গান নিয়ে তিনি বলেছেন, “বাংলাঢোলের প্রযোজনায় কয়েক মাস আগে নতুন অ্যালবাম নিয়ে গানে ফিরেছি। এবার তাদের তত্ত্বাবধানে নতুন দুটি গান প্রকাশ হলো। আমার সঙ্গে হৈমন্তী ও নন্দিতা ভালো গেয়েছেন। আমার বিশ্বাস গানগুলো শ্রোতাদের কানে স্বস্তি দেবে।”

তপন চৌধুরীর গানগুলো উপভোগ করা যাচ্ছে বাংলাঢোলের ইউটিউব চ্যানেল, বাংলাঢোল অডিও অ্যাপ ও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বাংলাফ্লিক্স, রবিস্ক্রিন ও এয়ারটেলস্ক্রিনে। পাশাপাশি শ্রোতারা ৪৬৪৬ নম্বরে ডায়াল করেও এই গান দুটি শুনতে পাবেন।

সম্প্রতি দীর্ঘ বিরতির পর প্রকাশিত হয় তপন চৌধুরীর একক অ্যালবাম ‘ফিরে এলাম’। অ্যালবাম প্রকাশের পর নিয়মিত বিরতিতে একক গানে কণ্ঠ দিচ্ছেন এ সংগীত তারকা।