পাঁচ দিনব্যাপী ‘আইডিএলসি নাট্য উৎসব’
‘তারুণ্যের জয়গানে আসুন আনন্দের মঞ্চে’ শ্লোগানে আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড আয়োজনে মঙ্গলবার থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপি নাট্য উৎসব।
মঙ্গলবার উৎসবটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।
উৎসবটি শেষ হবে ৮ সেপ্টেম্বর। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল হল ও এক্সপেরিমেন্টাল হলে প্রতিদিন দুটি নাটক প্রদর্শিত হবে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রদর্শিত হবে প্রাঙ্গনে মোরের নাটক ‘হাছনজানের রাজা’ ও জাতীয় নাট্যশালার মূল হলে রাত সাড়ে ৮টায় প্রচার হবে ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের নাটক ‘দ্য লোয়ার ডেপথ্স’।
বুধবার এক্সপেরিমেন্টাল হলে বিকেল ৫টায় প্রদর্শিত হবে ঢাকা পদাতিকের নাটক ‘ট্রায়াল অব সূর্যসেন’ ও জাতীয় নাট্যশালার মূল হলে সন্ধ্যা ৭টায় থাকবে পলাকারের নাটক ‘বাংলার মাটি বাংলার জল’।
বটতলার নাটক ‘ক্রাচের কর্ণেল’ মঞ্চস্থ হবে বৃহস্পতিবার বিকেল ৫টায়; এক্সপেরিমেন্টাল হলে। একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় মঞ্চে উঠবে ঢাকা থিয়েটারের ‘পঞ্চনারী আখ্যান।’
শুক্রবার বিকেল ৫টায় এক্সপেরিমেন্টাল হলে মঞ্চে উঠবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের নাটক ‘দ্য অ্যালকেমিস্ট’; এদিন জাতীয় নাট্যশালার মূল হলে সন্ধ্যা সাড়ে ৭টায় প্রদর্শিত হবে নাট্যদল থিয়েটারের নাটক ‘মুক্তি’।
উৎসবের শেষ দিন শুক্রবার বিকেল ৫টায় এক্সপেরিমেন্টাল হলে মঞ্চস্থ হবে প্রাচ্যনাটের ‘সার্কাস সার্কাস’ ও রাত সাড়ে ৮টায় জাতীয় নাট্যশালার মূল হলে প্রদর্শিত হবে নাগরিকের নাটক ‘ওপেন কাপল’।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আরিফ খান জানান, মঞ্চনাটক শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং চিরতরুণ মনের নানা রঙে সাজানো সমাজ ও সভ্যতার এক বাস্তব প্রতিচ্ছবি। এই উপলব্ধি থেকে বাংলাদেশের মঞ্চনাটকে তরুণদের সম্পৃক্ত করে নতুন প্রাণসঞ্চারের লক্ষ্যে আমাদের প্রত্যাশা এই আয়োজন নিঃসন্দেহে মঞ্চনাটকের প্রতি তরুণ প্রজন্মকে উৎসাহিত করবে ও এদেশের মঞ্চনাটকে নিবেদিতপ্রাণ কর্মীদের আরো অনুপ্রাণিত করবে।
