২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তরুণ শিল্পীর সঙ্গে দ্বৈতগানে তপন চৌধুরী

ঈদ উল আজহা উপলক্ষে তরুণ কণ্ঠশিল্পী স্বরলীপির সঙ্গে গাইলেন জনপ্রিয় সংগীতশিল্পী তপন চৌধুরী।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2018, 06:22 PM

Updated : 19 Aug 2022, 02:29 PM

দীর্ঘদিন নতুন গান প্রকাশ থেকে দূরে ছিলেন অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী তপন চৌধুরী। প্রায় ১৩ বছর পর গতবছর নতুন একক অ্যালবাম ‘ফিরে এলাম’ নিয়ে শ্রোতাদের সামনে হাজির হন তিনি। এবার ঈদ উল আযহা উপলক্ষে নতুন গানে কণ্ঠ দিলেন তিনি। তাও তরুণ এক কণ্ঠশিল্পীর সঙ্গে দ্বৈত গানে।

‘এইতো বেশ আছি’ শিরোনামের একটি দ্বৈত গানে কন্ঠ দিয়েছেন তারা। লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি। শহীদ মাহমুদ জঙ্গীর কথায় গানটির সুর করেছেন আলাউদ্দিন মাহমুদ সমীর। সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ।

গানটি প্রসঙ্গে তপন চৌধুরী বলেন, “গানটির কথা-সুর বেশ ভালো লেগেছে। অন্যদিকে সুমন কল্যাণ দারুণ সংগীতায়োজন করেছেন। স্বরলিপির গায়কীও চমৎকার। স্বরলিপি ভবিষ্যতে খুব ভালো করতে পারবে। সব মিলিয়ে সুন্দর একটি গান তৈরি হয়েছে। গানটি শ্রোতাদের মন ছুঁয়ে যাবে বলে আমার বিশ্বাস।”

তপন চৌধুরীর সঙ্গে গান করা প্রসঙ্গে স্বরলিপি বলেন, “তপন চৌধুরীর মতো বড় মাপের শিল্পীর সঙ্গে কাজ করেছি। সত্যি সৌভাগ্য আমার। উনার সঙ্গে কাজ করতে পেরে আমি আনন্দিত। চেষ্টা করেছি নিজের সর্বোচ্চটা দিয়ে ভালো গাওয়ার। জানি না কতটুকু পেরেছি। বাকিটা শ্রোতারাই ভালো বলতে পারবেন।”