২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেলিম আল দীন জন্মোৎসব

নাট্যাচার্য ড. সেলিম আল দীনের জন্মজয়ন্তী উদযাপন করছে ঢাকা থিয়েটার ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ব বিভাগ।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2018, 06:42 PM

Updated : 08 Apr 2022, 06:53 PM

বৃহস্পতি থেকে শনি তিন দিন বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রযোজনায় মঞ্চস্থ হচ্ছে সেলিম আল দীন রচিত ‘গ্রান্থিকগণ কহে’, ‘যৈবতী কন্যার মন’, ‘ধাবমান’ ও ‘কিত্তনখোলা’ নাটকগুলো।

শনিবার সেলিম আল দীনের জন্মদিনে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর কর্মসূচির পাশাপাশি শোভাযাত্রা ও স্মারক বক্তৃতার আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ।

এদিকে ঢাকা থিয়েটারের দুদিনব্যাপী আয়োজনের প্রথম দিন শুক্রবার শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে হয়েছে ‘সেলিম আল দীন স্মারক বক্তৃতা ১৪২৫’। সেখানে ‘বাংলাদেশের ঐতিহ্যবাহী নাট্যে গীতের প্রাসঙ্গিকতা’ শীর্ষক বক্তৃতা করেন ইউসুফ হাসান অর্ক।

সন্ধ্যায় শিল্পকলা একাডেমির মূল মঞ্চে শিমূল ইউসুফের নির্দেশনায় মঞ্চস্থ হবে সেলিম আল দীন রচিত ‘ধাবমান’।

শনিবার সকাল সাড়ে ১০টায় সেলিম আল দীনের কবরে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে ঢাকা থিয়েটারের কর্মসূচি শেষ হবে।

১৯৪৯ সালে ১৮ অগাস্ট ফেনীতে জন্মগ্রহণ করেন সেলিম আল দীন। বাংলা নাটকের শেকড়সন্ধানে ব্রতী এই নাট্যকার জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ।

বাংলাদেশ গ্রাম থিয়েটারের প্রতিষ্ঠাতা সেলিম আল দীন বাংলা নাটকের হাজার বছরের পথচিত্রের সন্ধান করে লিখেছেন ‘মধ্যযুগের বাংলা নাটকর’ শীর্ষক আকরগ্রন্থ।

নাট্যচর্চায় অবদানের স্বীকৃতি হিসেবে একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কার পাওয়া এই নাট্যকার ২০০৮ সালের ১৪ জানুয়ারি মারা যান।