কলকাতায় ‘ভুবন মাঝি’, স্বাগত জানালেন পরমব্রত
৩ অগাষ্ট কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ভুবন মাঝি’।
সাফটা চুক্তির আওতায় কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে ‘ভুবন মাঝি’। কলকাতার জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের বাংলাদেশের বড়পর্দায় অভিষেক হয়েছিলো চলচ্চিত্রটির মাধ্যমে। তার বিপরীতে এতে অভিনয় করেছিলেন বাংলাদেশের অভিনেত্রী অপর্ণা ঘোষ।
নিজ দেশে চলচ্চিত্রটির মুক্তি আবেগ আক্রান্ত করেছে পরমব্রতকে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে কলকাতার দর্শকদের সমর্থন চেয়ে পরমব্রত লিখেছেন, “কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে ‘ভুবন মাঝি’। এই ঘৃণার সময়ে-এটি একটি ভালোবাসার গল্প, এ ভালোবাসা স্বাধীনতার জন্য, প্রিয়তম মানুষটির জন্য, ভাষার জন্য এবং প্রিয় মাতৃভূমি ও আদর্শের জন্য-যার জন্য আপনি বেঁচে আছেন।
আমি কাজ করি গর্বের জন্য, গভীর কোন অনুভবের জন্য যা নিয়ে মানুষ বহু বছর পরও কথা বলবে; শুধু অভিনেতা হিসেবেই নয়, একজন সত্যিকার শিল্পী হিসেবে এ চলচ্চিত্রে আমার উপস্থিতিটা সে কারণেই। গতবছর যখন চলচ্চিত্রটি বাংলাদেশে মুক্তি পায়, তখন এটি অসংখ্য ভালোবাসা ও সম্মান কুড়িয়েছিলো।”
তিনি আরও বলেন, “কলকাতার দর্শকদেরও সমর্থন প্রত্যাশা করবো যেহেতু এই চলচ্চিত্রটি এ বাংলারও। কখনো ভাবতে পারিনি এ কথাটিও স্মরণ করতে হবে, এ চলচ্চিত্রেই এক অকস্মাৎ মৃত্যুর আগে আমাদের প্রিয় কালিকা প্রসাদ ভট্টাচার্য শেষবারের মতো সংগীত পরিচালনা করেছিলেন।”
সেখানে এখনও অসংখ্য মানুষ আছে যাদের পূর্ব পুরুষ আমাদের বাংলাদেশের। তাদের ভবিষ্যত প্রজন্ম বাংলাদেশকে গভীরভাবে অনুভব করে। চলচ্চিত্রটি তাদের ভালো লাগবে।”
২০১৭ সালের ৩ মার্চ সারাদেশের ৬৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় পরমব্রত- অপর্ণা অভিনীত চলচ্চিত্রটি। মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র হলেও শুধু মুক্তিযুদ্ধই নয় চলচ্চিত্রটিতে ফুটে উঠেছে মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় পরবর্তী বাংলাদেশেরও চিত্র।
যে যুদ্ধ এখনও শেষ হয়নি, অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণে ধর্মান্ধ ও মৌলবাদীদের বিরুদ্ধে যে যুদ্ধ এখনও থামেনি তাই ফুটে উঠেছে ‘ভুবন মাঝি’তে।
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রটি শুধু বাংলাদেশেই নয় ইওরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন স্থান প্রদর্শিত হয়েছে। প্রশংসিত হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও।
এতে পরমব্রত-অপর্ণা ছাড়াও অভিনয় করেছেন, মামুনুর রশীদ, মাজনুন মিজান, সুষমাসহ আরও অনেকে।
